কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কলারোয়া প্রতিনিধি: ‘আরলি অ্যাকশন অন ডায়াবেটিস’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় কলারোয়া ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘ডায়াবেটিস সম্পর্কে জানুন, দ্রুত পদক্ষেপ নিন, জীবন বাঁচান’ স্লোগানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ শরিফুজ্জামান তুহিন।
আলোচনা সভায় বক্তব্য দেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মেহের উল্লাহ, ডা. আবির আরেফিন ও ডা. খালিদ সাইফুল্লাহ। এ ছাড়া বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ প্রফেসর রইছ উদ্দিন, প্রফেসর আবু নসর, শেখ তোজাম্মেল হোসেন মানিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা।
বক্তারা বলেন, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ হলেও সময়মতো শনাক্তকরণ, নিয়মিত চিকিৎসা, সুষম খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও সচেতনতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর তাঁরা গুরুত্ব দেন।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মতিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। এর আগে একটি র্যালি বের করা হয়।











