সম্পাদকীয়/উপকূলের সুপেয় পানির সংকট: স্থায়ী সমাধান জরুরি
জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং মানবসৃষ্ট পরিবেশগত বিপর্যয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদে বিশুদ্ধ পানির সংকট এক মানবিক সংকটের রূপ নিয়েছে। খুলনার আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া ও খাজরাসহ বিভিন্ন ইউনিয়নে সুপেয় পানির এই তীব্র হাহাকার দীর্ঘদিনের। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লবণাক্ত পানির প্রবেশ এবং অপরিকল্পিত চিংড়ি ঘেরের আগ্রাসনে আজ গ্রামীণ জনপদের ভূগর্ভস্থ ও ভূপরিস্থ মিষ্টি পানির প্রায় সব উৎসই ধ্বংসের মুখে পড়েছে। ফলস্বরূপ, লাখো মানুষকে প্রতিদিন এক ফোঁটা সুপেয় পানির জন্য চরম লড়াই করতে হচ্ছে।
এই সংকটের সবচেয়ে মর্মান্তিক দিকটি বহন করতে হচ্ছে নারীদের। পরিবারের রান্নাবান্না ও দৈনন্দিন ব্যবহারের সুপেয় পানি সংগ্রহের জন্য তাঁদের প্রতিদিন মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হচ্ছে। অনেক দরিদ্র পরিবার বাধ্য হয়ে চড়া দামে পানি কিনতে গিয়ে আর্থিকভাবে আরও কোণঠাসা হয়ে পড়ছে। আর যারা তা পারছেন না, তারা বাধ্য হয়ে লবণাক্ত ও দূষিত পানি পান করে ডায়রিয়া, আমাশয়, পেটের পীড়া এবং চর্মরোগের মতো নানা জটিল স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। নিরাপদ পানির এই অভাব জনস্বাস্থ্যের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে।
যদিও সরকারি ও বিভিন্ন বেসরকারি উদ্যোগে কিছু পুকুরে বালু ফিল্টার বা পিএসএফ এবং রেইনওয়াটার হার্ভেস্টিং বা বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক স্থাপন করা হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এই সংকট কোনো সাময়িক সমস্যা নয়; এটি উপকূলীয় অঞ্চলের মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারের প্রশ্ন। তাই কেবল ত্রাণ বা সাময়িক সহায়তা দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
উপকূলের এই দীর্ঘমেয়াদী সংকট নিরসনে বহুমুখী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। প্রথমত, টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করে প্লাবন রোধ করতে হবে। দ্বিতীয়ত, লোনাপানি ঢুকে নষ্ট হয়ে যাওয়া মিষ্টি পানির পুকুরগুলো দ্রুত পুনঃখনন ও সংস্কার করতে হবে। তৃতীয়ত, প্রতিটি জনপদে গ্রামভিত্তিক গভীর নলকূপ স্থাপন অথবা আধুনিক পানি শোধনাগার বা আরও বেশি পরিমাণে পিএসএফ নির্মাণের ব্যবস্থা নিতে হবে। সুপেয় পানি মানুষের মৌলিক অধিকারÑতাই উপকূলীয় মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।








