কয়েক সেকেন্ডের ভিডিও—জীবনের পথচলা, নাকি শেষ?
সচ্চিদানন্দ দে সদয়
প্রযুক্তির কল্যাণে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। স্মার্টফোনের একটি স্পর্শেই ছবি, ভিডিও কিংবা নিজের প্রতিভা ছড়িয়ে দেওয়া যায় মুহূর্তে। টিকটক, ফেসবুক রিলস ও ইউটিউব শর্টস তরুণদের কাছে বিনোদন ও আত্মপ্রকাশের জনপ্রিয় মাধ্যম। কিন্তু জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতায় অনেকেই ভুলে যাচ্ছেন নিজের জীবনের নিরাপত্তার কথা। কয়েকটি লাইক, কিছু ভিউ কিংবা একটি ভিডিও ভাইরাল করার আকাঙ্ক্ষা কখনো কখনো মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুঝুঁকির দিকে।
সাতক্ষীরার আশাশুনিতে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২১ বছর বয়সী মোস্তাকিমের মৃত্যু তেমনই এক মর্মান্তিক ঘটনা। গত ১৪ নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর ও কামালকাটি গ্রামের মধ্যবর্তী তালতলা এলাকায় একটি ঘেরের পাশে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চলার সময় মোস্তাকিম উল্টো দিকে বসে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বাবলা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোস্তাকিমের মৃত্যু হয় এবং তাঁর বন্ধু জিহাদ হোসেন গুরুতর আহত হন।
একটি আনন্দভ্রমণ মুহূর্তেই পরিণত হয় মৃত্যুশোকে। যে তরুণের সামনে ছিল অসংখ্য স্বপ্ন ও সম্ভাবনা, তাঁর জীবন থেমে গেল এক অসতর্ক মুহূর্তে। পরিবার হারাল সন্তান, বন্ধুরা হারাল প্রিয়জন। এই মৃত্যু শুধু একটি পরিবারের বেদনা নয়, তরুণ সমাজের জন্যও কঠিন সতর্কবার্তা।
প্রশ্ন হলো, কয়েক সেকেন্ডের একটি ভিডিও ধারণের জন্য জীবনের ঝুঁকি নেওয়ার প্রয়োজন কেন? সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা কি মানুষকে এতটাই আচ্ছন্ন করছে যে, বিপদের আশঙ্কাও তারা বিবেচনায় নিচ্ছে না? একটি ভিডিও কতজন দেখল, কতটি লাইক পেল কিংবা কতজন প্রশংসা করল—এসবের চেয়ে নিজের জীবনের মূল্য যে অনেক বেশি, সেই বোধ থাকা জরুরি।
সমস্যাটি শুধু টিকটক কিংবা কোনো নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নয়; বরং প্রযুক্তির দায়িত্বহীন ব্যবহার ও ঝুঁকি সম্পর্কে অসচেতনতার। চলন্ত মোটরসাইকেলে দাঁড়িয়ে, উল্টো হয়ে বসে কিংবা হাত ছেড়ে ভিডিও ধারণের মতো প্রবণতা সাময়িক বিনোদন তৈরি করলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ। অন্যের ব্যতিক্রমী ভিডিও দেখে নিজেও নতুন কিছু করার চেষ্টা কিংবা বেশি দর্শক পাওয়ার আকাঙ্ক্ষা তরুণদের ঝুঁকিপূর্ণ কাজে উৎসাহিত করতে পারে। অথচ জনপ্রিয়তার আনন্দ সাময়িক, দুর্ঘটনার ক্ষতি হতে পারে সারা জীবনের।
সড়ক কোনো বিনোদনের মঞ্চ নয়। মোটরসাইকেল চালানোর সময় চালকের পূর্ণ মনোযোগ প্রয়োজন। চালক ও আরোহী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চলন্ত অবস্থায় ভিডিও ধারণ কিংবা ঝুঁকিপূর্ণ কৌশল প্রয়োগ নিজের পাশাপাশি অন্য সড়ক ব্যবহারকারীদের জীবনও বিপন্ন করে। হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ গতিতে যানবাহন চালানো প্রত্যেকের দায়িত্ব।
এ ক্ষেত্রে পরিবারের দায়িত্বও গুরুত্বপূর্ণ। সন্তানদের স্মার্টফোন ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহার শেখাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা বিষয়ে আলোচনা প্রয়োজন। বন্ধুদের মধ্যেও ঝুঁকিপূর্ণ কাজকে উৎসাহিত না করার মানসিকতা গড়ে তুলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিপজ্জনক ভিডিও দেখলে প্রশংসা না করে বরং নিরুৎসাহিত করা উচিত।
প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরও উচিত তরুণদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো। দুর্ঘটনার পর তদন্ত ও আইনি পদক্ষেপের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে আগাম সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে।
প্রযুক্তিকে ভয় পাওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বন্ধ করার প্রয়োজন নেই। প্রয়োজন এর দায়িত্বশীল ব্যবহার, আত্মনিয়ন্ত্রণ এবং জীবনের প্রতি শ্রদ্ধাবোধ। বিনোদন মানুষের প্রয়োজন, কিন্তু সেই বিনোদন যেন নিজের কিংবা অন্যের জীবনের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।
মোস্তাকিমের মৃত্যু যেন কেবল একটি দুর্ঘটনার সংবাদ হয়ে হারিয়ে না যায়। তরুণ সমাজ, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রত্যেকের জন্য এটি হোক আত্মসমালোচনা ও সচেতন হওয়ার উপলক্ষ।
জীবন একবারই পাওয়া যায়। একটি ভিডিও মুছে ফেলা যায়, একটি অ্যাকাউন্ট বন্ধ করা যায়, হারানো জনপ্রিয়তা আবার ফিরে পাওয়া সম্ভব। কিন্তু হারিয়ে যাওয়া জীবন কখনো ফিরে আসে না। কয়েক সেকেন্ডের ভিডিও হয়তো কাউকে পরিচিতি এনে দিতে পারে, কিন্তু অসতর্কতা কেড়ে নিতে পারে একটি জীবন, ভেঙে দিতে পারে একটি পরিবারের স্বপ্ন।
তাই প্রশ্ন থেকেই যায়—কয়েক সেকেন্ডের ভিডিও কি জীবনের পথচলা, নাকি শেষযাত্রা? লাইক, কমেন্ট ও ভিউয়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ভিডিওর জন্য জীবন নয়, জীবনের জন্যই সব আয়োজন।
লেখক: সংবাদকর্মী








