নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: শ্যামনগরে বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির বালক ও বালিকা দল চ্যাম্পিয়ন
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ বেসিক ফুটবল একাডেমির বালক ও বালিকা দল। তাদের এ সাফল্যে আনন্দিত ইউনিয়নবাসী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হলরুমে একাডেমির খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, তরুণ ফুটবলারদের উৎসাহ, পরিশ্রম ও ভালো খেলার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। এ অর্জনে ইউনিয়নবাসী গর্বিত। ভবিষ্যতে খেলোয়াড়েরা আরও বড় পরিসরে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক আল-হুদা মালি, বেসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্লাহ এবং একাডেমির খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয়দের প্রত্যাশা, এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বুড়িগোয়ালিনীর তরুণ ফুটবলাররা ভবিষ্যতে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখবে।












