জগদ্ধাত্রী দেবী, সৃষ্টির শক্তি
সচ্চিদানন্দ দে সদয়
জগৎকে যিনি ধারণ করেন, লালন করেন এবং সুরক্ষার দায়িত্ব পালন করেন, তিনিই জগদ্ধাত্রী। ‘জগৎ’ ও ‘ধাত্রী’—এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত জগদ্ধাত্রী শব্দের অর্থ জগতের ধারক ও পালিকা। হিন্দুধর্মীয় দর্শনে দেবী জগদ্ধাত্রী শক্তি, সংযম, জ্ঞান ও অহংকারমুক্তির প্রতীক। তিনি দেবী দুর্গারই এক বিশেষ রূপ। উপনিষদে তাঁর পরিচয় পাওয়া যায় উমা হৈমবতী নামে।
দেবী জগদ্ধাত্রীর আরাধনা মূলত বঙ্গদেশে বিশেষ জনপ্রিয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর এবং নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা দেশ-বিদেশে পরিচিত। তবে এ পূজার আবেদন কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি।
শাস্ত্রীয় বর্ণনায় দেবী জগদ্ধাত্রী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তাঁর চার হাতে থাকে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। গলায় নাগযজ্ঞোপবীত। দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল। সিংহের পিঠে উপবিষ্ট দেবীর বাহনের পায়ের নিচে থাকে হস্তীমুণ্ড, যা পুরাণ ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী করীন্দ্রাসুরের প্রতীক। এ কারণে দেবী করীন্দ্রাসুরনিসূদিনী নামেও পরিচিত।
কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও সপ্তমী, অষ্টমী ও নবমী—এই তিন দিন ধরে পূজার আয়োজন করা হয়। দুর্গাপূজার মতো জগদ্ধাত্রী পূজাতেও রয়েছে বোধন, অঞ্জলি, আরতি, কুমারী পূজা ও বিসর্জনের নানা আচার। তান্ত্রিক বিধান অনুসারেও এ পূজা সম্পন্ন হয়।
জগদ্ধাত্রী পূজার সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর দার্শনিক শিক্ষা। উপনিষদের কেনোপনিষদে বর্ণিত দেবাসুর যুদ্ধের একটি উপাখ্যান এ ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। অসুরদের পরাজিত করার পর দেবতারা নিজেদের শক্তি ও ক্ষমতা নিয়ে অহংকারী হয়ে উঠেছিলেন। তাঁরা ভুলে গিয়েছিলেন, তাঁদের বিজয়ের প্রকৃত উৎস নিজেদের শক্তি নয়, বরং ব্রহ্মের শক্তি। দেবতাদের এই অহংকার দূর করতে ব্রহ্ম যক্ষের রূপ ধারণ করে তাঁদের সামনে আবির্ভূত হন। অগ্নি ও বায়ুর মতো শক্তিশালী দেবতারাও একটি তৃণখণ্ড পোড়াতে বা সরাতে ব্যর্থ হন।
পরিশেষে ইন্দ্র যখন যক্ষের পরিচয় জানতে এগিয়ে যান, তখন যক্ষ অন্তর্হিত হন। তাঁর স্থানে আবির্ভূত হন দিব্যরূপিণী উমা হৈমবতী। তিনি ইন্দ্রকে ব্রহ্মের প্রকৃত স্বরূপ সম্পর্কে জ্ঞান দান করেন। এই উপাখ্যানের মূল শিক্ষা হলো—কোনো শক্তিই স্বয়ংসম্পূর্ণ নয়; সকল শক্তির উৎস পরম ব্রহ্ম। অহংকার মানুষকে সত্য উপলব্ধি থেকে দূরে সরিয়ে দেয়। জগদ্ধাত্রী পূজার অন্তর্নিহিত দর্শনেও আত্মোপলব্ধি ও অহংকারমুক্তির শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বাংলায় জগদ্ধাত্রী পূজার ইতিহাসও বেশ প্রাচীন। পঞ্চদশ শতকের শূলপাণির ‘কালবিবেক’ গ্রন্থে কার্তিক মাসে জগদ্ধাত্রী পূজার উল্লেখ পাওয়া যায়। বরিশাল অঞ্চলে অষ্টম শতকে নির্মিত বলে পরিচিত জগদ্ধাত্রীর একটি প্রস্তরমূর্তির সন্ধানও এ পূজার প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে। নদিয়ার শান্তিপুর ও কৃষ্ণনগর অঞ্চলের কয়েকটি প্রাচীন মন্দিরের ভাস্কর্যেও দেবীর মূর্তির নিদর্শন রয়েছে।
তবে অষ্টাদশ শতকে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায়ের উদ্যোগে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার ব্যাপক প্রচলন ও জনপ্রিয়তা বৃদ্ধি পায় বলে ঐতিহাসিকভাবে ধারণা করা হয়। পরবর্তী সময়ে চন্দননগরসহ বাংলার বিভিন্ন অঞ্চলে এ পূজা ছড়িয়ে পড়ে। বর্তমানে জগদ্ধাত্রী পূজা বাঙালি হিন্দু সমাজের অন্যতম পরিচিত ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব।
দুর্গা শক্তির প্রতীক, কালী সময় ও মহাশক্তির প্রতীক আর জগদ্ধাত্রী জগতের ধারক ও পালিকা হিসেবে পরিচিত। ধর্মীয় ভাবনায় এই তিন রূপের মধ্যে শক্তির ভিন্ন ভিন্ন প্রকাশ ঘটেছে। দেবী জগদ্ধাত্রী আমাদের মনে করিয়ে দেন, পৃথিবীকে টিকিয়ে রাখতে শক্তির পাশাপাশি প্রয়োজন ধৈর্য, সংযম, দায়িত্ববোধ ও বিবেক।
আজকের দ্রুতগতির বস্তুবাদী সমাজে এই শিক্ষার প্রয়োজন আরও বেশি। ব্যক্তিজীবন থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সর্বত্র অহংকার, অসহিষ্ণুতা ও স্বার্থপরতার পরিবর্তে দায়িত্বশীলতা ও সহমর্মিতার চর্চা জরুরি। দেবীর আরাধনা তখনই অর্থবহ হয়ে উঠবে, যখন তাঁর আদর্শ আমাদের দৈনন্দিন জীবনেও প্রতিফলিত হবে।
জগদ্ধাত্রী পূজা তাই কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি আত্মশুদ্ধি, মানবিকতা, ঐতিহ্য ও সামাজিক মিলনের উপলক্ষ। উৎসবপ্রিয় বাঙালির এই ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন যুগের পর যুগ আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে পালিত হোক। জগতের ধারক দেবী জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা—সবার জীবনে শান্তি, কল্যাণ ও মঙ্গল প্রতিষ্ঠিত হোক।
তথ্যসূত্র: ধর্মীয় গ্রন্থ ও প্রকাশিত পত্রপত্রিকা।
সচ্চিদানন্দ দে সদয়, সাংবাদিক






