সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি কর্মী আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মী মো. মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী, এর আগের দিন সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই নারী চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে যান। পরীক্ষা করাতে না পেরে বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী তাঁকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। পরে প্রস্রাবের নমুনা নিয়ে প্যাথলজি বিভাগের একটি কক্ষে যেতে বলেন। ওই নারী কক্ষে প্রবেশ করলে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনা কাউকে না জানানোর জন্যও তাঁকে ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।
বাড়ি ফিরে ওই নারী স্বামীকে বিষয়টি জানান। পরে স্বামীর সঙ্গে থানায় গিয়ে তিনি নিজেই বাদী হয়ে মামলা করেন। পুলিশ অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করে। তিনি হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকায়।
এদিকে, ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম জানান, মঙ্গলবার দুপুরে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ ঘটনায় পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









