বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎপরতায় আইনশৃঙ্খলা উন্নয়নে উদ্যোগ
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম দায়িত্ব গ্রহণের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।
দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে তাঁর তৎপরতায় স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি তৎপরতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পুলিশিং কমিটি, বাজার ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করছেন। পাইথালী, বেউলা, মহেশ্বরকাটি ও বুধহাটা বাজারে আয়োজিত এসব মতবিনিময় সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, মাদক ও অসামাজিক কর্মকা- প্রতিরোধ এবং মোবাইল ফোনে অনলাইন জুয়া বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন জুমার নামাজের আগে মসজিদে সচেতনতামূলক বক্তব্য দিয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতাও কামনা করছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে গুরুত্ব দেওয়া এবং জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশি সেবা আরও জনবান্ধব করার চেষ্টা চলছে।
পুলিশ পরিদর্শক রেজাউল করিমের এসব উদ্যোগে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত দায়িত্বÑএমন ধারণাকে সামনে রেখে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।









