মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

চারপাশে ঘাপটি মেরে আছে শত ধর্ষক!

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
চারপাশে ঘাপটি মেরে আছে শত ধর্ষক!

গাজী হাবিব
গা শিউরে ওঠার মতো ঘটনা ঘটিয়েছে এক নরপশু। যে হাসপাতালের দরজায় মানুষ আসে জীবন বাঁচানোর আশায়, অসুস্থ শরীর নিয়ে আসে একটু সুস্থতা আর চিকিৎসার নিশ্চয়তা পেতে, সেই হাসপাতালেরই একটি কক্ষে যদি একজন নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তোলেন, তাহলে এর চেয়ে ভয়ংকর সামাজিক অবক্ষয় আর কী হতে পারে? চিকিৎসাসেবার মতো মানবিক দায়িত্বের আড়ালে যদি যৌন লালসার এমন ভয়ংকর চিত্র লুকিয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা খুঁজবে কোথায়?
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই বিভাগের কর্মী মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, আগের দিন সোমবার পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে প্যাথলজি বিভাগের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। ঘটনাটি শুধু একজন নারীর সম্ভ্রম ও নিরাপত্তার প্রশ্ন নয়; এটি চিকিৎসাসেবার মতো আস্থার জায়গায় নারীর নিরাপত্তা নিয়ে ভয়াবহ উদ্বেগের জন্ম দিয়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, সমাজে এমন বিকৃত মানসিকতার মানুষ কি শুধু হাসপাতালের প্যাথলজি কক্ষেই ঘাপটি মেরে আছে? মোটেও নয়। তারা আমাদের চারপাশেই নানা পরিচয়ে বিচরণ করছে। কখনো সেবাদানকারীর পরিচয়ে, কখনো শিক্ষক, অভিভাবক, আত্মীয়, প্রতিবেশী, পরিচিতজন কিংবা দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্মী হিসেবে। বাইরে থেকে তাদের আচরণে হয়তো সন্দেহের কোনো ছাপ থাকে না। পরিপাটি পোশাক, মিষ্টি কথা, ভদ্রতার মুখোশ আর সামাজিক পরিচিতির আড়ালে তারা লুকিয়ে রাখে বিকৃত মানসিকতা। সুযোগ ও পরিস্থিতির অপেক্ষায় থাকে। অসহায়ত্ব, বিশ্বাস, নির্জনতা কিংবা ক্ষমতার অবস্থানকে কাজে লাগিয়ে তারা শিকারের সন্ধান করে।
এই মুখোশধারীদের চেনা খুব কঠিন। কারণ, তারা সব সময় অপরিচিত কেউ নয়। অনেক সময় পরিবারের পরিচিত, প্রতিবেশী, সহকর্মী কিংবা দীর্ঘদিনের বিশ্বাসভাজন মানুষের মধ্যেই লুকিয়ে থাকে যৌন নিপীড়কের মানসিকতা। কেউ চিকিৎসাসেবার সুযোগকে কাজে লাগায়, কেউ শিক্ষার পরিবেশকে, কেউ কর্মস্থলের কর্তৃত্বকে, আবার কেউ আত্মীয়তার সম্পর্ককে ঢাল হিসেবে ব্যবহার করে। তারা জানে, ভুক্তভোগী মুখ খুলতে ভয় পাবেন। সামাজিক লজ্জা, লোকনিন্দা, পারিবারিক অশান্তি কিংবা ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা তাঁকে নীরব করে রাখতে পারে। আর এই নীরবতাকেই তারা নিজেদের নিরাপদ আশ্রয় মনে করে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ধর্ষণের মতো অপরাধের পরও অনেক সময় ভুক্তভোগীকে অপরাধীর পরিবর্তে সমাজের প্রশ্নবাণের মুখে পড়তে হয়। কেন একা গিয়েছিলেন? কেন ওই কক্ষে প্রবেশ করেছিলেন? আগে অভিযোগ করেননি কেন? এমন প্রশ্নের মধ্য দিয়ে অপরাধীর দায় আড়াল করে ভুক্তভোগীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। অথচ অপরাধের দায় অপরাধীর, ভুক্তভোগীর নয়। একজন নারী চিকিৎসা নিতে হাসপাতালে যাবেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়বেন, কর্মস্থলে কাজ করবেন কিংবা প্রয়োজনীয় কাজে কোথাও যাবেনÑএটাই তাঁর স্বাভাবিক অধিকার। তাঁর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব।
ধর্ষণ শুধু একটি যৌন অপরাধ নয়; এটি একজন মানুষের শরীর, স্বাধীনতা, মর্যাদা ও আত্মবিশ্বাসের ওপর নির্মম আঘাত। এর ক্ষত অনেক সময় সারাজীবন বয়ে বেড়াতে হয়। শারীরিক ক্ষতির পাশাপাশি ভুক্তভোগীকে মানসিক যন্ত্রণা, সামাজিক চাপ ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যেতে হয়। অথচ অপরাধীরা অনেক সময় সামাজিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার আড়ালে নিজেদের আড়াল করার চেষ্টা করে। কোথাও কোথাও অপরাধের বিচার বিলম্বিত হয়, কোথাও ভুক্তভোগীকে আপসের জন্য চাপ দেওয়া হয়, আবার কোথাও সাক্ষী ও প্রমাণের অভাবে অপরাধীরা পার পেয়ে যায়। এই বাস্তবতা অপরাধীদের আরও বেপরোয়া করে তোলার ঝুঁকি তৈরি করে।
সাতক্ষীরা সদর হাসপাতালের ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। একজন আউটসোর্সিং কর্মী কীভাবে দায়িত্ব পালন করছিলেন? রোগীদের সঙ্গে তাঁর যোগাযোগ ও চলাচল কতটা নজরদারির আওতায় ছিল? প্যাথলজি বিভাগের কক্ষগুলোতে নিরাপত্তাব্যবস্থা কেমন এবং রোগীদের সুরক্ষায় কী ধরনের তদারকি রয়েছে? এসব বিষয় খতিয়ে দেখা জরুরি। শুধু অভিযুক্তকে আটক করলেই প্রতিষ্ঠানের দায় শেষ হয়ে যায় না। হাসপাতালের প্রতিটি সেবাকেন্দ্র, পরীক্ষা-নিরীক্ষার কক্ষ এবং রোগীদের চলাচলের জায়গায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
আমাদের সমাজে ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। পরিবারে শিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত সীমানা সম্পর্কে সচেতন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কর্মস্থল ও সেবামূলক প্রতিষ্ঠানে অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। অপরাধের অভিযোগ উঠলে তা ধামাচাপা না দিয়ে যথাযথ তদন্ত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে; তাঁকে দোষারোপ নয়, সাহস দিতে হবে।
যেমন, গত দুদিন আগে একটি অল্পবয়সী মেয়ে ঠিকানা বলতে না পারায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে ছিল। গতকাল তাকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়েছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ক্ষেত্রে ওসি শফিকুল ইসলামকে শুধু ধন্যবাদ দিলে তাঁকে খাটো করা হবে। একই সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকেরাও ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এদিকে সবচেয়ে বড় কথা হলো, ধর্ষককে শুধু অন্ধকার গলিতে খুঁজলে হবে না। মানুষের বিশ্বাসের জায়গায়, সেবার প্রতিষ্ঠানে, সামাজিক সম্পর্কের আড়ালে কিংবা ক্ষমতার দম্ভে যারা নিজেদের নিরাপদ মনে করে, তাদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে। সামাজিক পরিচয়, পদবি, পোশাক কিংবা বাহ্যিক ভদ্রতা কাউকে অপরাধের ঊর্ধ্বে স্থান দিতে পারে না।
সাতক্ষীরা সদর হাসপাতালের এই অভিযোগ যেন আরেকটি মামলা হয়ে ফাইলবন্দি না থাকে। অভিযোগের সত্যতা উদ্ঘাটন, দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়েই এর যথাযথ প্রতিকার করতে হবে। কারণ, একজন নারী যখন চিকিৎসা নিতে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়েন, তখন শুধু একটি হাসপাতাল নয়, গোটা সমাজই প্রশ্নবিদ্ধ হয়।
আমি বেশি দূরে না গিয়ে একজন সংবাদকর্মী হিসেবে, একজন পিতা হিসেবে, সর্বোপরি একজন সচেতন নাগরিক হিসেবে অন্তত সাতক্ষীরা জেলায় কর্মরত সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানাবÑআমাদের চারপাশে ঘাপটি মেরে থাকা যৌন নিপীড়কদের মুখোশ খুলতে আরও সচেতন হতে হবে। তাদের অপরাধের বিরুদ্ধে শক্ত হাতে কলম চালিয়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মনে রাখতে হবে, নারীর নিরাপত্তা কোনো দয়া নয়। একজন নিরাপদ নারী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নত আলোর শিখা। তাছাড়া, এটি তাঁর মৌলিক অধিকারও। আর সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা যে-ই করুক, তার বিরুদ্ধে আইন ও সমাজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এ জন্য আরও বেশি সোচ্চার হতে হবে, নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক ও উপযুক্ত শাস্তি। যাতে ভবিষ্যতে আর কোনো নরপশু এ ধরনের কাজ করার দুঃসাহস না করে। (এটা লেখকের নিজস্ব মতামত)। লেখক: সাংবাদিক ও অধিকারকর্মী

Ads small one

সম্পাদকীয়/ সাতক্ষীরায় তীব্র পানি সংকট: নাগরিক ভোগান্তির অবসান হোক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ সাতক্ষীরায় তীব্র পানি সংকট: নাগরিক ভোগান্তির অবসান হোক

উপকূলীয় জেলা শহর সাতক্ষীরার পৌরবাসীর জন্য সুপেয় পানি এখন এক সোনার হরিণে পরিণত হয়েছে। সম্প্রতি নাগরিক সংলাপে উঠে আসা তথ্য অনুযায়ী, সাতক্ষীরা পৌরসভার মোট ৩৬ হাজার ২৯৯টি পরিবারের মধ্যে মাত্র ৩১ শতাংশ পরিবারকে পানির সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, যাঁদের বৈধ সংযোগ রয়েছে, তাঁরাও নিয়মিত বা ব্যবহারযোগ্য পানি পাচ্ছেন না। সরবরাহকৃত পানিতে তীব্র দুর্গন্ধ, ময়লা এমনকি কেঁচো পাওয়ার মতো অভিযোগ পৌরসভার পানি ব্যবস্থাপনার চরম বেহাল দশাকেই ফুটিয়ে তোলে।
পানি জীবনের অপরিহার্য উপাদান। অথচ পৌরসভার সরবরাহকৃত পানি পান করা তো দূরের কথা, দৈনন্দিন গৃহস্থালি কাজেও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে মধ্যবিত্ত ও নি¤œ-মধ্যবিত্ত পরিবারগুলোকে বাধ্য হয়ে প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকা খরচ করে জারের পানি কিনতে হচ্ছে। আর বদ্দীপুর কলোনির মতো বস্তি ও নি¤œ আয়ের এলাকার বাসিন্দাদের দুর্দশা আরও ভয়াবহ। বছরের অর্ধেক সময় পানিবন্দি থাকা এই মানুষগুলো পৌরসভার বাসিন্দা হয়েও সুপেয় পানির ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত।
একদিকে বিগত এক দশকে সাতক্ষীরা শহরের আয়তন ও জনসংখ্যা বহুগুণ বেড়েছে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পৌরসভার পানি উৎপাদনক্ষমতা অর্ধেকের নিচে নেমে এসেছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও লবণাক্ততা সংকটকে আরও ঘনীভূত করেছে। কিন্তু প্রাকৃতিক কারণকে দোহাই দিয়ে কর্তৃপক্ষের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। পাইপলাইনের ত্রুটি মেরামত না করা, পানি পরিশোধনে অবহেলা এবং নিয়মিত তদারকির অভাবেই পানিতে ময়লা ও কেঁচো আসার মতো অগ্রহণযোগ্য ঘটনা ঘটছে। বাধ্য হয়ে অনেক গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করছেন, যা একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য চরম ব্যর্থতার পরিচায়ক।
এই অচলাবস্থা নিরসনে নাগরিক সমাজের পক্ষ থেকে যে আট দফা সুপারিশ তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবসম্মত। জলাধার নির্মাণ, পুকুর ভরাট রোধ, প্রতিটি বাড়িতে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা এবং বস্তি এলাকায় পর্যাপ্ত পানির ট্যাপ স্থাপনের মতো পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি। একই সঙ্গে বাজারে বিক্রি হওয়া জারের পানি ও পৌরসভার সরবরাহকৃত পানির গুণগত মান নিয়মিত পরীক্ষা করে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে, যাতে মানুষ বিশুদ্ধ পানির নামে প্রতারিত না হয়।
পানি সরবরাহ অবকাঠামোর সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য পৃথক বাজেট বরাদ্দ এবং পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা এখন সময়ের দাবি। সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষের উচিত অবিলম্বে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও সময়সূচি ঘোষণা করে তা বাস্তবায়নে সচেষ্ট হওয়া। নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে সুপেয় পানির নিশ্চয়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেÑএটাই প্রত্যাশা।

জগদ্ধাত্রী দেবীর রূপ ও আবির্ভাবের প্রতীকী তাৎপর্য

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
জগদ্ধাত্রী দেবীর রূপ ও আবির্ভাবের প্রতীকী তাৎপর্য

প্রকাশ ঘোষ বিধান
জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দুধর্মের শক্তির দেবী। তিনি দেবী দুর্গারই অপর রূপ। জগৎজননী দেবী জগদ্ধাত্রীকে দুর্গার সত্ত্বগুণসম্পন্ন ও মঙ্গলময়ী রূপ হিসেবে বিবেচনা করা হয়। ‘জগদ্ধাত্রী’ শব্দের আক্ষরিক অর্থÑযিনি সমগ্র জগৎকে ধারণ ও পালন করেন। সংস্কৃত ‘জগৎ’ শব্দের অর্থ ত্রিভুবন এবং ‘ধাত্রী’ শব্দের অর্থ ধারণকর্ত্রী বা পালনকর্ত্রী।
দুর্গাপূজার প্রায় এক মাস পর হেমন্তকালে, কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। এই তিথি ‘দুর্গা নবমী’ নামেও পরিচিত। এদিন ‘জগদ্ধাত্রী দুর্গায় নমঃ’ মন্ত্রে দেবীর পূজা করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী, পূজার দিনেই তিনটি ভিন্ন ভাব বা গুণে দেবীর আরাধনা করা হয়। সকালে সাত্ত্বিক, মধ্যাহ্নে রাজসিক এবং সন্ধ্যায় তামসিক রূপে দেবীর পূজা অনুষ্ঠিত হয়।
দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল কমলা বা রক্তাভ। তিনি রক্তবস্ত্র পরিহিতা। তাঁর গলায় শোভা পায় নাগযজ্ঞোপবীত। দেবী দুর্গার মতো তিনিও ত্রিনয়না। তাঁর তিনটি চোখ চন্দ্র, সূর্য ও অগ্নির প্রতীক। চারটি হাতের বাম দুই হাতে থাকে শঙ্খ ও শার্ঙ্গধনু এবং ডান দুই হাতে চক্র ও পঞ্চবাণ। দেবীর বাহন সিংহ একটি বিশালাকার হাতির ওপর দাঁড়িয়ে থাকে। পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী করীন্দ্রাসুর নামের হস্তীরূপী অসুরকে বধ করেছিলেন। এ কারণে তাঁকে ‘করীন্দ্রাসুরমর্দিনী’ বলা হয়। এখানে হাতি মানুষের অহংকার ও মত্ততার প্রতীক, যা দেবী দমন করেন।
দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব নিয়ে একাধিক কাহিনি প্রচলিত রয়েছে। কাত্যায়নী তন্ত্র ও উপনিষদের আখ্যান অনুসারে, অসুর বধের পর দেবতারা নিজেদের শক্তি নিয়ে অহংকারে মত্ত হয়ে ওঠেন। দেবতাদের সেই দর্প চূর্ণ করতে দেবী প্রথমে যক্ষের বেশে তাঁদের সামনে আবির্ভূত হন। দেবতাদের শক্তি পরীক্ষা করতে তিনি তাঁদের সামনে একটি সামান্য তৃণখ- রাখেন। কিন্তু দেবতারা কেউই তা সরাতে পারেননি। ইন্দ্র বজ্র দিয়ে তৃণটি ধ্বংস করতে ব্যর্থ হন, অগ্নিদেব পারেননি তা দগ্ধ করতে, বায়ুদেব পারেননি উড়িয়ে দিতে। এমনকি বরুণদেবও জলপ্রবাহ দিয়ে তৃণটি সরাতে ব্যর্থ হন। তখন দেবতারা উপলব্ধি করেন, তাঁদের নিজস্ব শক্তির উৎসও পরমেশ্বরী। এরপর তাঁদের সামনে চতুর্ভুজা জগদ্ধাত্রী রূপে আবির্ভূতা হন দেবী। এই আখ্যানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়Ñতিনিই সমগ্র জগতের ধারণ ও পালনকারী শক্তি।
জগদ্ধাত্রীর আবির্ভাব সম্পর্কে শ্রীশ্রীচ-ীতেও আরেকটি কাহিনি পাওয়া যায়। এ কাহিনি অনুসারে, মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সময় অসুরটি হাতির রূপ ধারণ করেছিল। সংস্কৃতে হাতির আরেক নাম ‘করী’। হস্তীরূপী অসুরকে বধ করতে দেবী চতুর্ভুজা রূপে আবির্ভূত হন এবং চক্র দিয়ে তার শুঁড় ছেদন করেন। দেবীর এই রূপই জগদ্ধাত্রী নামে পরিচিত। এ কারণে তাঁর বাহন সিংহকে মৃত হাতির ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দেবীর আরেক নাম ‘করীন্দ্রাসুরনিসূদিনী’।
বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রচলন নিয়ে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ের একটি ঐতিহাসিক জনশ্রুতি রয়েছে। কিংবদন্তি অনুসারে, নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন। নবাব আলিবর্দি খাঁর শাসনামলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ১২ লাখ টাকা নজরানা দাবি করা হয়। তা দিতে না পারায় তাঁকে বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। জনশ্রুতি রয়েছে, সে সময় দুর্গাপূজার আয়োজন চলছিল। কারাগারে থাকায় রাজা দুর্গাপূজায় অংশ নিতে পারেননি। মুক্তি পেয়ে নৌকায় কৃষ্ণনগরে ফেরার পথে তিনি জানতে পারেন, সেদিন বিজয়া দশমী। দুর্গাপূজায় উপস্থিত থাকতে না পারায় তিনি বিষণœ হয়ে পড়েন।
কথিত আছে, এ সময় দেবী তাঁকে স্বপ্নে কার্তিক মাসের নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজার নির্দেশ দেন। ঐতিহাসিক জনশ্রুতি অনুযায়ী, রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেবীর যে মূর্তি দর্শন করেন, সেই আদলেই তিনি প্রতিমা প্রতিষ্ঠা করে পূজার আয়োজন করেন। অনেকে মনে করেন, তাঁর উদ্যোগেই বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রসার ঘটে। পরে তাঁর অনুপ্রেরণায় ইন্দ্রনারায়ণ চৌধুরী হুগলির চন্দননগরে এ পূজার প্রচলন করেন। লেখক: সাংবাদিক ও কলামিস্ট

কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সমাজসেবা অধিদপ্তরের আওতায় সারা দেশের সঙ্গে এ ইউনিয়নেও কার্যক্রমটির আনুষ্ঠানিক সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী গোলাম মোস্তফা বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মো. রাজু আহমেদ, উপজেলা বিএনপির সহমুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম আবুল হোসাইন, প্রচার সম্পাদক আব্দুস সাত্তার এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম।

এ সময় ইউপি সদস্য আসাদুল ও বাবলু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, যুবদল নেতা আব্দুল হক, আব্দুল মালেক ও রাশেদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে সাতবাড়িয়া ইউনিয়নে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।