দুবলারচরে রাস উৎসবে যেতে উপকূলের পুণ্যার্থী-দর্শনার্থীদের প্রস্তুতি, তৎপর শিকারিরাও
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা উপলক্ষে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসপূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এ উৎসবে যোগ দিতে উপকূলীয় অঞ্চলের পুণ্যার্থী ও দর্শনার্থীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে হরিণ শিকারের আশঙ্কায় তৎপর রয়েছে বন বিভাগ।
প্রতি বছর কার্তিক মাসের শেষ বা অগ্রহায়ণের শুরুতে পূর্ণিমা তিথিতে সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে এ উৎসব অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন। পূর্ণিমার জোয়ারে সমুদ্রের নোনা পানিতে পুণ্যস্নান ও রাসপূজায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী সেখানে সমবেত হন। তাঁদের যাতায়াতের জন্য লঞ্চ, ট্রলার ও নৌকা ভাড়াসহ নানা প্রস্তুতি চলছে।
তবে রাস উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর সুন্দরবনে হরিণ শিকারের আশঙ্কা দেখা দেয়। এ সময় চোরাশিকারি ও মৌসুমি শিকারিচক্রের তৎপরতা বাড়ার ঝুঁকি থাকায় বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। পথগুলো হলো—বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী, পাটকোষ্টা খাল ও হংসরাজ নদী হয়ে দুবলারচর; কয়রা ও কাশিয়াবাদ থেকে খাসিটানা, বজবজা, আড়ুয়া শিবসা, শিবসা ও মরজাত নদী হয়ে দুবলারচর; নলিয়ান স্টেশন থেকে শিবসা ও মরজাত নদী হয়ে দুবলারচর; ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ ও পশুর নদী হয়ে দুবলারচর এবং বগী থেকে বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরের পথ দিয়ে দুবলারচর।
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য পুণ্যার্থী ও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রবেশের আগে নির্ধারিত রাজস্ব পরিশোধ করে পাস সংগ্রহ করতে হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ আবেদন করতে হবে। বিকল্প হিসেবে ইউপি চেয়ারম্যানের দেওয়া সনদপত্রের মূলকপি সঙ্গে রাখতে হবে। প্রতিটি অনুমতিপত্রে নির্ধারিত নৌপথ উল্লেখ থাকবে এবং যাত্রীরা একটি পথ ব্যবহার করতে পারবেন।
২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত নৌপথে শুধু দিনের বেলায় চলাচল করা যাবে। বন বিভাগের চেকপোস্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না। প্রতিটি নৌযানে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে। নৌযানে নির্ধারিত সিরিয়াল নম্বর ও যাত্রীর সংখ্যা উল্লেখ করতে হবে। সুন্দরবনে প্রবেশের পর প্রত্যেক পুণ্যার্থীকে দেওয়া টোকেন সঙ্গে রাখতে হবে এবং আলোরকোলের নিয়ন্ত্রণকক্ষে প্রতিটি নৌযানকে রিপোর্ট করতে হবে।
বন বিভাগের নির্দেশনায় আরও বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল ও করাতসহ নিষিদ্ধ সরঞ্জাম বহন করা যাবে না। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, বোতল, গ্লাস ও চামচ নেওয়া নিষিদ্ধ। পাশাপাশি মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণ থেকেও বিরত থাকতে হবে। এসব নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি নৌপথ নির্ধারণ করা হয়েছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। তিনি নির্ধারিত পথে যাতায়াত এবং সংশ্লিষ্ট বন স্টেশনে প্রচলিত নিয়মে রাজস্ব পরিশোধ করে অনুমতি নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।












