সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের খুলনার কয়রা অংশে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে কয়রা থানার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৮ হাজার টাকা।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।












