রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবের বুকে নবজাগরণের গান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
ভৈরবের বুকে নবজাগরণের গান

ডা. ঊষার সাহস, মোকাম আলী খানের কলম—নদী বাঁচানোর এক মানবিক অভিযাত্রা

শেখ সিদ্দিকুর রহমান

একটি নদী কেবল জলধারা নয়; এটি একটি জনপদের ইতিহাস, ঐতিহ্য, জীবন-জীবিকা, সংস্কৃতি ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। নদীকে ঘিরেই গড়ে ওঠে জনবসতি, বিকশিত হয় সভ্যতা, রচিত হয় মানুষের সুখ-দুঃখের নানা উপাখ্যান। অথচ মানুষের অবহেলা, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের প্রতি উদাসীনতায় নদী যখন তার স্বাভাবিক সৌন্দর্য হারায়, তখন শুধু একটি জলধারাই বিপন্ন হয় না, বিপন্ন হয় পুরো জনপদের প্রাণপ্রবাহ।

যশোর শহরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী ভৈরব নদ তেমনই দীর্ঘদিনের অবহেলার শিকার। একসময় যে নদকে ঘিরে গড়ে উঠেছিল মানুষের জীবন-জীবিকা ও নগরজীবনের সৌন্দর্য, সেই নদ দীর্ঘ তিন যুগেরও বেশি সময় কচুরিপানার বিস্তৃত আবরণে ঢাকা ছিল। নদীর বুকে জমে থাকা কচুরিপানা, আবর্জনা ও দূষণে ব্যাহত হয়েছে স্বাভাবিক প্রবাহ। নদসংলগ্ন এলাকায় ছড়িয়েছে দুর্গন্ধ, সৃষ্টি হয়েছে পরিবেশগত অস্বস্তি। একসময়ের প্রাণবন্ত ভৈরব যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছিল তার প্রাণস্পন্দন।

কিন্তু নদীরও বাঁচার অধিকার আছে। প্রকৃতির সৌন্দর্য ফিরিয়ে আনার দায়িত্বও মানুষের। সেই উপলব্ধি থেকেই যশোরের চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা ঊষা ভৈরব নদ পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন। গত ৯ নভেম্বর থেকে তিনি নিজ উদ্যোগে নদ থেকে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন। মানুষের জীবন রক্ষায় চিকিৎসাসেবায় নিয়োজিত একজন চিকিৎসকের নদীর জীবন রক্ষায় এমন ব্যতিক্রমী উদ্যোগ স্বাভাবিকভাবেই যশোরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।

দীর্ঘদিন ধরে যে কাজটি সম্মিলিত উদ্যোগের অপেক্ষায় ছিল, তার সূচনা হয়েছে একজন মানুষের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে। ডা. ঊষা যেন তাঁর কাজের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন, পরিবর্তনের জন্য শুধু অভিযোগ নয়, প্রয়োজন উদ্যোগ ও কর্মপ্রচেষ্টা। একজন মানুষের আন্তরিক পদক্ষেপও অনেককে জাগিয়ে তুলতে পারে।

ডা. ঊষার এই উদ্যোগে যুক্ত হয়েছে শিল্প ও সংস্কৃতির শক্তি। পরদিনই যশোরের প্রখ্যাত কবি ও গীতিকার মোকাম আলী খান তাঁর কলমের মাধ্যমে এই অভিযানের পাশে দাঁড়ান। তিনি রচনা করেন একটি অনুপ্রেরণামূলক গান, তাতে সুরারোপের ব্যবস্থা করেন এবং শিল্পীর কণ্ঠে তুলে দেন নদী বাঁচানোর আহ্বান। এএইচটি মিডিয়ার কারিগরি সহযোগিতায় নির্মিত গানটি মোকাম আলী খানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে।

গানটির প্রথম পঙ্‌ক্তিতেই ধ্বনিত হয়েছে জাগরণের বার্তা—

“তোমার সাহসী উদ্যোগে
সবাই উঠেছে জেগে
ঊষার দুয়ারে আলোর ঝিলিক
চমকালো বিদ্যুৎ বেগে।”

গানটির কথায় ‘ঊষা’ শব্দটি বিশেষ তাৎপর্য বহন করে। ঊষা যেমন ভোরের আলোর প্রতীক, তেমনি এখানে এটি একজন মানুষের নামও। ডা. ঊষার উদ্যোগের মধ্য দিয়ে যশোরের দীর্ঘদিনের হতাশার মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে। নামের এই প্রতীকী ব্যঞ্জনাকে কবি-গীতিকার মোকাম আলী খান চমৎকারভাবে গানের কথায় তুলে ধরেছেন।

গানের পরবর্তী অংশে তিনি লিখেছেন—

“সহসাই চেতনার আগুন
জ্বললো সবার মনে,
ভৈরব থেকে ভেসে এলো
সেই সুর সমীরণে।

আমরা জেগেছি এক সাথে
আমাদের আবেগে,
ঊষার দুয়ারে আলোর ঝিলিক
চমকালো বিদ্যুৎ বেগে।”

এখানে ভৈরব কেবল একটি নদ নয়, হয়ে উঠেছে মানুষের সম্মিলিত চেতনা ও দায়িত্ববোধের প্রতীক। যে নদকে ঘিরে দীর্ঘদিনের হতাশা, সেই নদই আবার মানুষের ঐক্য, ভালোবাসা ও সচেতনতার কেন্দ্র হয়ে উঠতে পারে—গানটি সেই বার্তাই দেয়।

গানের শেষ স্তবকে কবির প্রত্যাশা আরও স্পষ্ট—

“তোমার দেখানো এই পথে
হাঁটবে আগামীকাল,
তুমি এনে দিয়ে গেলে
একটি সুন্দর সকাল।

যশোরবাসী জাগবে আবার
ভয় নেই কালো মেঘে,
ঊষার দুয়ারে আলোর ঝিলিক
চমকালো বিদ্যুৎ বেগে।”

এটি শুধু একজন উদ্যোগী মানুষের প্রশংসা নয়, বরং আগামী দিনের যশোরের প্রতি আস্থার প্রকাশ। আজ যে উদ্যোগের সূচনা হয়েছে, আগামী প্রজন্ম তা আরও এগিয়ে নিয়ে যাবে—এমন প্রত্যাশাই গানটির মূল সুর।

মোকাম আলী খানের গানটি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় নদ পরিচ্ছন্নতা অভিযানের প্রতি মানুষের আগ্রহ ও উৎসাহ বাড়ানোর একটি সাংস্কৃতিক উদ্যোগ তৈরি হয়েছে। এভাবেই ভৈরবকে ঘিরে পরিবেশ রক্ষার প্রয়াসে যুক্ত হয়েছে চিকিৎসাসেবা, নাগরিক দায়িত্ববোধ ও সংগীতের সম্মিলিত শক্তি।

ডা. ঊষার ব্যক্তিগত উদ্যোগের পর পরিচ্ছন্নতা অভিযানে অন্যদের অংশগ্রহণও আশাব্যঞ্জক। প্রাতিষ্ঠানিক সহযোগিতাও আসতে শুরু করেছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ভৈরব নদের কচুরিপানা অপসারণ কার্যক্রমে এক লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। তাঁর এই সহযোগিতা চলমান উদ্যোগকে আরও গতিশীল করবে বলে আশা করা যায়।

বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী ও পরিবেশসচেতন মানুষও নদ থেকে কচুরিপানা অপসারণে এগিয়ে আসছেন। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সবার ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে কেবল কচুরিপানা অপসারণ করলেই নদীর সব সমস্যা দূর হবে না। নদে বর্জ্য ফেলা বন্ধ, দূষণের উৎস নিয়ন্ত্রণ, পানির স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, জনসচেতনতা এবং প্রশাসনের ধারাবাহিক তদারকি নিশ্চিত করা জরুরি।

ঐতিহাসিক যশোর জেলা প্রতিষ্ঠিত হয়েছিল ১৭৮১ সালে। দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক গৌরবের অধিকারী এই জনপদের প্রাণপ্রবাহ ভৈরবকে ঘিরে নতুন করে যে আশার সঞ্চার হয়েছে, তা সাময়িক উৎসাহের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রয়োজন এই উদ্যোগকে স্থায়ী সামাজিক আন্দোলনে রূপ দেওয়া, যাতে আগামী প্রজন্ম একটি পরিচ্ছন্ন নদ, সুস্থ পরিবেশ ও বাসযোগ্য নগর পায়।

আমরা এমন একটি যশোর দেখতে চাই, যেখানে ভৈরবের বুকে থাকবে স্বচ্ছ পানির প্রবাহ, দুই তীরে থাকবে পরিচ্ছন্ন পরিবেশ, বাতাসে থাকবে না দূষণের দুর্গন্ধ। নদীর বুকে প্রতিফলিত হবে আকাশের ছায়া, সন্ধ্যার আলোয় ফিরে আসবে তার হারানো সৌন্দর্য। ভৈরব আবার হয়ে উঠবে যশোরবাসীর গর্ব ও নাগরিক পরিচয়ের উজ্জ্বল প্রতীক।

এই প্রত্যাশার পথে ডা. ঊষার সাহসী উদ্যোগ আমাদের শিখিয়েছে, একটি ভালো কাজের সূচনা করতে অনেক মানুষের অপেক্ষায় থাকতে হয় না। অন্যদিকে মোকাম আলী খানের গান মনে করিয়ে দিয়েছে, মানুষকে জাগিয়ে তোলার শক্তি শুধু কর্মে নয়, হৃদয়ের ভাষাতেও নিহিত। একজন নেমেছেন নদীতে কচুরিপানা সরাতে, অন্যজন কলম ও সুর দিয়ে মানুষকে জাগাতে চেয়েছেন। তাঁদের কর্মপন্থা আলাদা হলেও লক্ষ্য অভিন্ন—ভৈরব বাঁচুক, যশোর বাঁচুক, পরিবেশ বাঁচুক।

ডা. ঊষার সাহসী উদ্যোগ ও কবি-গীতিকার মোকাম আলী খানের মানবিক সৃজনশীলতার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। একই সঙ্গে জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী এবং এই পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত প্রত্যেক মানুষের প্রতি রইল কৃতজ্ঞতা।

ভৈরবের বুকে কচুরিপানা অপসারণের এই উদ্যোগ থেমে না যাক। আজকের সম্মিলিত প্রয়াস আগামী দিনের স্থায়ী পরিবর্তনের ভিত্তি হয়ে উঠুক। নদীর জলধারায় ফিরে আসুক প্রাণ, যশোরের আকাশে ফুটে উঠুক নতুন ভোরের আলো। ঊষার দুয়ারে যে আলোর ঝিলিক দেখা দিয়েছে, সেই আলোয় ভৈরব জেগে উঠুক নবযৌবনে—এটাই হোক যশোরবাসীসহ সবার প্রত্যাশা।

Ads small one

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।

কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু তুহিন ও সদস্য সচিব মো. নাহিদ হাসান টিপু স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মো. আশরাফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. মমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক মো. সাকিব হোসেন, দপ্তর সম্পাদক মো. জামাল গাজী ও প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটিতে আরও ১৫ জন সদস্য রয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো. নাহিদ হাসান টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।