আট দিনেও ফেরেননি অপহৃত চার জেলে, নতুন করে জিম্মি আরও দুজন
শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহৃত চার জেলে আট দিনেও বাড়ি ফিরতে পারেননি। মুক্তিপণের টাকা দিতে না পারায় তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনেরা। এরই মধ্যে নতুন করে আরও দুই জেলেকে অপহরণ করেছে দস্যুরা।
অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর গ্রামের আব্দুল হাকিম (৪০), বাবু গাজী (২৩), শোকর আলী (৩৩) ও আব্দুর রাজ্জাক (৩৭)। তাঁদের স্বজনদের দাবি, প্রত্যেকের মুক্তির জন্য দুই লাখ টাকা করে দাবি করেছে জলদস্যুরা। মুক্তিপণের অঙ্ক বেশি হওয়ায় এত টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।
অপহৃত জেলেদের স্বজন ও সহযোগীরা জানান, গত ১০ নভেম্বর সুন্দরবনের কলাগাছিয়াসহ আশপাশের এলাকা থেকে পাঁচ জেলেকে অপহরণ করে দুটি দস্যু বাহিনী। শোকর আলী, আব্দুর রাজ্জাক ও আব্দুল হাকিমকে ভাই ভাই বাহিনী এবং আশরাফুল ও বাবু গাজীকে আমির আলী বাহিনী অপহরণ করে। পরে আশরাফুল দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে এক দিন আগে বাড়ি ফেরেন। তবে বাকি চারজন এখনো মুক্তি পাননি।
এদিকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে কলাগাছিয়ার পার্শ্ববর্তী এলাকা থেকে বিল্লাল ও সিদ্দিক গাজী নামে আরও দুই জেলেকে অপহরণ করেছে সাত সদস্যের একটি দস্যু দল। আলম সানা বাহিনীর পরিচয়ে তাদের অপহরণ করা হয়েছে। তবে তাঁদের মুক্তিপণের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, নিরাপত্তার কারণে জেলেরা অপহরণ ও মুক্তিপণের বিষয়ে বন বিভাগের কাছে তথ্য দিতে চান না। তবে কয়েকজন জেলে অপহরণ ও ফিরে আসার বিষয়টি স্থানীয়ভাবে তাঁদের জানিয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, জেলে অপহরণের ঘটনায় থানায় কেউ মৌখিক বা লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি খোঁজখবর নেওয়ার পাশাপাশি মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।












