খুলনায় বিভাগীয় বইমেলার সমাপনী, বিক্রি ২৪ লাখ টাকার বই
নিজস্ব প্রতিনিধি: খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বয়রা এলাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মননশীল সমাজ গঠনে বই মানুষের পরম বন্ধু। ডিজিটাল মাধ্যমের প্রসারের কারণে ছাপা বইয়ের পাঠক কমলেও এবারের বইমেলায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বই কেনার আগ্রহ ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি মেলাকে সফল করেছে। তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত মেলায় ২৪ লাখ টাকার বই বিক্রি হয়েছে। শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন মেলাকে প্রাণবন্ত করেছে।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল মল্লিক।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, মেলায় অংশ নেওয়া প্রকাশনীর সেরা তিনটি স্টল এবং বইমেলা নিয়ে পত্রিকায় অধিকসংখ্যক প্রতিবেদন প্রকাশের জন্য দৈনিক কালবেলার সাংবাদিক মো. নুরুল আমিন ও দৈনিক আমাদের সময়ের সাংবাদিক মো. হুমায়ুন কবিরকে পুরস্কৃত করা হয়।












