বনদস্যুদের খাবার সরবরাহের অভিযোগে আটক ২ জন কারাগারে
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। তাঁদের কাছ থেকে চাল, তেল, সিগারেট, পানিসহ ১৯ ধরনের পণ্য জব্দ করা হয়েছে। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. ফরিদুজ্জামান (৩১) ও ঘড়িলাল মোল্লাপাড়ার মো. রিপন হোসেন (২৪)।
ওসি জানান, সুন্দরবনে সক্রিয় সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ব্যক্তি বনদস্যুদের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেন বলে অভিযোগ পাওয়া যায়।
এর ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের একটি দল ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যুদের জন্য খাবার ও পানি পরিবহনের অভিযোগে ফরিদুজ্জামান ও রিপনকে আটক করা হয়। পরে তাঁদের কয়রা থানায় হস্তান্তর করা হয়।












