ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
বুধবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়ে। এতে ঘর থেকে বের হওয়া মানুষ দুর্ভোগে পড়েন। উপকূলের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। নির্মাণশ্রমিক, রিকশা-ভ্যানচালক, হোটেল কর্মচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজে যেতে না পারায় দৈনন্দিন আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
টানা বৃষ্টিতে কৃষিপণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। এতে বাজারে সবজির সরবরাহ কমেছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তাঁদের ভাষ্য, বৃষ্টির কারণে পাইকারি বাজার থেকে পণ্য আনতে সমস্যা হচ্ছে, যার প্রভাব দামের ওপরও পড়ছে।
পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন জানান, মাঠে কাটা আমন ধান ও শীতকালীন সবজি রয়েছে। যেসব সবজিক্ষেতে পানি জমবে, সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এ বৃষ্টিতে অন্যান্য ফসলের তেমন ক্ষতির আশঙ্কা নেই।












