সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তি
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা খাতুনকে হত্যার ঘটনায় স্বামী সাদ্দাম হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে তিনি জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার রাত আটটার দিকে সদর উপজেলার দেবনগর গ্রাম থেকে স্থানীয় লোকজন সাদ্দামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
মামলার স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৬ মে রাতে স্ত্রী তাসলিমা খাতুনকে হত্যার পর সাদ্দাম পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৩ নভেম্বর তিনি এলাকায় ফিরে আসেন। বিষয়টি পরিবারের সদস্যরা মামলার তদন্ত কর্মকর্তাকে জানান।
তাসলিমার খালা সুরমা খাতুন জানান, মঙ্গলবার সন্ধ্যায় সাদ্দাম তাঁর বাড়িতে গিয়ে খাবার চান। খাওয়ার একপর্যায়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে আটক করা হয়।
সাদ্দামের মা ফাতেমা খাতুন জানান, ছেলের অবস্থান সম্পর্কে পুলিশকে একাধিকবার তথ্য দেওয়া হয়েছিল। পরে তাঁর বোন সুরমা খাতুন, ভগ্নিপতি মফিজুল ইসলাম ও স্থানীয় লোকজনের সহযোগিতায় সাদ্দামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সদর থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, মঙ্গলবার রাতে দেবনগর গ্রাম থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হুদা জানান, বুধবার বিকেলে আদালতে হাজির করা হলে সাদ্দাম স্ত্রী হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।









