সাতক্ষীরায় আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট ১২ ডিসেম্বর
সংবাদদাতা: সাতক্ষীরায় আইনজীবীদের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগ’ (এপিএল)-২০২৬। আগামী ১২ ডিসেম্বর সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে অনুষ্ঠিত সভায় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় আটটি দল অংশ নেবে। দলগুলো হলো অ্যাডভোকেটস লিজেন্ড একাদশ, সুপার কিংস একাদশ, থান্ডার্স একাদশ, ওয়ারিয়র্স একাদশ, ঈগলস একাদশ, টাইটানস একাদশ, রয়্যালস একাদশ ও গ্ল্যাডিয়েটর্স একাদশ।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে আইনজীবীদের মধ্যে খেলাধুলার চর্চা, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও জোরদার হবে। পাশাপাশি পেশাগত ব্যস্ততার বাইরে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সুযোগ সৃষ্টি হবে।









