কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আভাস, স্ট্রিট চাইল্ড, কোস্ট ফাউন্ডেশন ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্দেশ্য ছিল প্রকল্পের নারী কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে বাস্তবায়নের অভিজ্ঞতা, অর্জন, সফলতা ও চ্যালেঞ্জ বিনিময় করা।
এতে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুর রহমান। আভাসের মিল অফিসার নাসরিন খানম ও স্ট্রিট চাইল্ডের সেভগার্ডিং অফিসার হিয়া বাড়ৈর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান ও উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মিজানুর রহমান।
কর্মশালায় স্ট্রিট চাইল্ডের কান্ট্রি লিড ইমতিয়াজ হৃদয়, আভাসের কেয়ার ফর উইমেন প্রকল্পের ফোকাল ও প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মুনিরুজ্জামান, অ্যাডভোকেসি ও লিয়াজোঁ কো-অর্ডিনেটর মো. ইউনুছ, কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মকর্তা এবং কালিগঞ্জের চাম্পাফুল, কুশলিয়া, তারালী ও ভাড়াশিমলা ইউনিয়নের নারী কৃষকরা অংশ নেন।
কর্মশালায় নারী কৃষকদের জীবিকা ও কৃষিকাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সরকারি সেবা গ্রহণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রকল্পের ইতিবাচক পরিবর্তন, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে উদ্যোগগুলোর ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে অংশগ্রহণকারীরা মতামত ও সুপারিশ তুলে ধরেন।











