শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ
সংবাদদাতা: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও পুরুষ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন আয়োজিত এ কর্মসূচিতে দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ আর্থিক সহযোগিতা প্রদান করে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বুড়িগোয়ালিনী জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জলবায়ু অভিযোজন কৃষিচর্চা সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের হাতে উপকরণ তুলে দেওয়া হয়। প্রত্যেক কৃষককে ১০ ধরনের লবণসহিষ্ণু সবজির বীজ, ৪০ কেজি জৈব সার, জিও ব্যাগ ও একটি পানির পাত্র দেওয়া হয়।
বিতরণ করা বীজের মধ্যে ছিল লালশাক, পালংশাক, শিম, মুলা, ঢেঁড়স, লাউ, কলমিশাক, মরিচ, বরবটি ও করলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাফ হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিআরসি প্রকল্পের মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, লাল তীর বীজ কোম্পানির টেরিটোরি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এসিআই জৈব সার বিভাগের টেরিটোরি ম্যানেজার মো. জাকির হোসেন ও কমিউনিটি ফ্যাসিলিটেটররা।
প্রধান অতিথি জিএম মাছুদুল আলম বলেন, প্রশিক্ষণের পাশাপাশি কৃষি উপকরণ বিতরণের এ উদ্যোগ কৃষকদের কাজে লাগাতে হবে। গাবুরায় একসঙ্গে এত কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ বিরল উল্লেখ করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাফ হোসেন বলেন, গাবুরায় লবণাক্ততা বেশি হওয়ায় জলবায়ু অভিযোজন কৃষিচর্চা বাড়ানো জরুরি। প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং অভিযোজন কৃষি সম্প্রসারণে ভূমিকা রাখবে।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, কৃষি উৎপাদন বাড়াতে নতুন কলাকৌশল গ্রহণ করতে হবে। মাটির লবণাক্ততা মোকাবিলায় জৈব সার ও লবণসহিষ্ণু বীজের ব্যবহার গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে উপকূলীয় মানুষের জীবন-জীবিকার উন্নয়ন ঘটবে।











