সরুলিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
তালা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। সংক্ষিপ্ত পথসভায় শেখ জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে সরুলিয়া ইউনিয়নকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।













