শ্যামনগরে নারী ও যুবদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নারী ও যুবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এলাকাভিত্তিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সিসিডিবি-শক্তি প্রকল্পের আয়োজনে ২৩ ও ২৪ নভেম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রকল্পের কার্যালয়ে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা প্রশিক্ষণে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২৫ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে নারী দলের ৮ জন, যুবদলের ৮ জন এবং পুরুষ দলের ৯ জন সদস্য ছিলেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক ছিলেন সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খায়রুল আলম। এ সময় প্রকল্পের কর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে স্বল্প পুঁজিতে এলাকাভিত্তিক ব্যবসা পরিচালনা, উপকূলীয় এলাকায় উন্নত প্রযুক্তির ব্যবহার, ব্যবসায়িক পরিকল্পনা এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অংশগ্রহণকারী মো. শাহিনুর আলম বলেন, তিনি মাছের ব্যবসা করলেও আগে কখনো আয়-ব্যয়ের হিসাব রাখতেন না। এ প্রশিক্ষণ থেকে হিসাব সংরক্ষণের গুরুত্ব বুঝতে পেরেছেন। আরেক অংশগ্রহণকারী মহারানী সরদার জানান, ব্যবসা শুরুর আগে পরিকল্পনা তৈরি এবং পরিকল্পনা অনুযায়ী পরিচালনার বিষয়ে তিনি নতুন ধারণা পেয়েছেন। এমন প্রশিক্ষণের আয়োজন করায় তিনি সিসিডিবির শক্তি প্রকল্পকে ধন্যবাদ জানান।








