সাতক্ষীরা সীমান্তে সতর্কতা: নিরাপত্তায় প্রযুক্তি ও জনসম্পৃক্ততার গুরুত্ব
আজহারুল ইসলাম সাদী
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। ভৌগোলিক অবস্থানের কারণে এ জেলার সীমান্ত বরাবরই কৌশলগত ও অর্থনৈতিকভাবে সংবেদনশীল। জেলায় বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ২৭২ কি.মি.। যারমধ্যে স্থল সীমান্তে বিজিবির দুটি ব্যাটালিয়ন এবং নৌ সীমান্তের জন্য রিভারাইন বর্ডার গার্ডের একটি কোম্পানী সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।
সম্প্রতি সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন ৫৪ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত জনবল মোতায়েন ও নিশ্ছিদ্র টহল জনমনে স্বস্তি ফিরিয়েছে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তার আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর নজরদারির বিষয়টি সামনে এসেছে।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালান ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রচলিত টহলের পাশাপাশি থার্মাল ড্রোন, সার্চলাইট, নাইট ভিশন সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ও জোরদার করা হয়েছে।
২৪ নভেম্বর ২০২৬ তারিখে ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৪ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জনবল, টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কথা জানানো হয়। এর আগে নভেম্বরের মাঝামাঝি সীমান্তের পাঁচটি স্থানে সতর্কতামূলক গুলি ছোড়া এবং মানবপাচারে জড়িত সন্দেহে আটজনকে আটক করার ঘটনাও সীমান্ত পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে। বিভিন্ন বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
সাতক্ষীরা সীমান্তের চ্যালেঞ্জ বহুমুখী। অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন আতঙ্কের পাশাপাশি মানবপাচার, মাদক ও চোরাচালানে জড়িত চক্র সীমান্তকে অপরাধের পথ হিসেবে ব্যবহারের চেষ্টা করে। এসব চক্র অনেক সময় সীমান্তবর্তী সাধারণ ও দরিদ্র মানুষকে প্রলোভনে ফেলে নিজেদের অপরাধের কাজে ব্যবহার করে। তাই নিরাপত্তা জোরদারের পাশাপাশি এসব অপরাধের সামাজিক ও অর্থনৈতিক কারণ মোকাবিলাও জরুরি।
তবে দীর্ঘ সীমান্তের প্রতিটি অংশ শুধু বিজিবির একক প্রচেষ্টায় নিরাপদ রাখা কঠিন। এ ক্ষেত্রে সীমান্তবর্তী মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দারা সীমান্তের বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানেন। অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাচল, মানবপাচার কিংবা চোরাচালানসংক্রান্ত তথ্য দ্রুত বিজিবিকে জানালে নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর হতে পারে। বর্তমান সতর্ক পরিস্থিতিতে অপ্রয়োজনে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি যাতায়াত এড়িয়ে চলাও জরুরি।
সীমান্তের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্মিলিত দায়িত্ব। আধুনিক প্রযুক্তি, বিজিবির পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় এবং স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ একসঙ্গে কাজ করলে সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। বাহিনী ও জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও দায়িত্ববোধই হতে পারে নিরাপদ সাতক্ষীরা সীমান্তের প্রধান ভিত্তি।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)









