আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধে আবারো ভাঙন
নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। রবিবার সন্ধ্যায় ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল সালাম, বড়দল ইউপির ভারপ্রাপ্ত প্রশাসক চেয়ারম্যান আকতার ফারুক বিল্লাল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, বাজার কমিটির সভাপতি মহির উদ্দিন ফকির, ইউপি সদস্য জুলফিকার (ভুট্ট) ও বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
দীর্ঘদিন ধরেই এই বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ফেব্রুয়ারি ২০২৫ প্রথম দফায় বড় ধরনের ভাঙন দেখা দেয়। প্রায় ৬০০ মিটার ওয়াপদা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যায়। মার্চ ২০২৫ পানি উন্নয়ন বোর্ডের এসডি রাশেদুল ইসলাম পরিদর্শন করেন এবং ১০০ মিটার মেরামতের আশ্বাস দেন। এপ্রিল ২০২৫ জেলা প্রশাসনের নির্দেশনায় এস্কেভেটর (ভেকু) দিয়ে কাজ শুরু হয়। ফেব্রুয়ারি ২০২৬ দীর্ঘ বিরতির পর সরকারি বরাদ্দ অনুযায়ী পুনরায় কাজ শুরু হয়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বেড়িবাঁধ সংস্কারে চরম অবহেলা করা হয়েছে। তাদের প্রধান অভিযোগগুলো হলোÑ পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং করার কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি। সংস্কার কাজ অত্যন্ত ধীরগতিতে চলায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে বাজারের নির্মাণাধীন চান্নি এবং গুরুত্বপূর্ণ পাইলিং যেকোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে।
বেড়িবাঁধের এই পুনঃভাঙ্গনে স্থানীয় ব্যবসায়ী এবং বাজার সংলগ্ন বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। দ্রুত টেকসই সংস্কার করা না হলে পুরো বাজারটি নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।









