রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

নীল জলরাশি পেরিয়ে প্রবাল ও পাথরের রাজ্য ভ্রমণের ডায়েরি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
নীল জলরাশি পেরিয়ে প্রবাল ও পাথরের রাজ্য ভ্রমণের ডায়েরি

মাসুদ রানা

বাকখালী নদীর মোহনা পেরিয়ে গভীর সমুদ্রের নীল জলরাশি যখন আকাশি রঙে রূপ নেয়, তখনই বোঝা যায় মূল ভূখণ্ড ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের দিকে। সেন্টমার্টিন ও ছেঁড়া দ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর ও মনোমুগ্ধকর। একই সঙ্গে দ্বীপের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, পরিবেশ এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার বাস্তব চিত্রও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।

কক্সবাজার থেকে নীল সমুদ্রের পথে যাত্রা

১৫ নভেম্বর রোববার সকালে সুগন্ধা বিচসংলগ্ন হোটেল গ্রিন প্যালেসে নাশতা শেষে সকাল ৮টায় ইজিবাইকে কক্সবাজার সদরের বিআইডব্লিউটিএর ৬ নম্বর নুনিয়ারছড়া ঘাটে পৌঁছাই। সকাল ৯টার মধ্যে নির্ধারিত কাউন্টার থেকে সেন্টমার্টিনগামী এমভি মালঞ্চ জাহাজের যাওয়া-আসার টিকিট সংগ্রহ করি। সাড়ে ৯টার দিকে ঘাটে প্রবেশের সময় ট্যুরিস্ট পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের কড়া নজরদারি চোখে পড়ে। নির্ধারিত টিকিট ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।

সকাল ১০টায় এমভি মালঞ্চ বাকখালী নদী ছেড়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রীদের নিরাপত্তায় জাহাজে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। কিছুক্ষণ পর জাহাজের ওপরতলায় উঠে উপভোগ করি নীল জলরাশির সৌন্দর্য। টেকনাফ অতিক্রম করে জাহাজ গভীর সমুদ্রে প্রবেশ করলে পানির রং নীল থেকে আকাশি হয়ে ওঠে। আমাদের জাহাজের পাশাপাশি আরও তিনটি পর্যটকবাহী জাহাজ সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছিল। তীব্র স্রোতে জাহাজের গায়ে আছড়ে পড়া ঢেউ তৈরি করছিল মনোমুগ্ধকর জলরাশি।

যাত্রাপথে এমভি মালঞ্চের ক্যাপ্টেন আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামালের সঙ্গে কথা হয়। তিনি জাহাজ পরিচালনার বিভিন্ন সরঞ্জাম, সেগুলোর ব্যবহার এবং সমুদ্রে কোনো বিপদে পড়লে যাত্রীরা কী ধরনের সহায়তা পাবেন, তা দেখিয়ে বুঝিয়ে দেন। গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক সচল থাকায় হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে প্রিয় বাবাকে সমুদ্রের নীল জলরাশি দেখানোর সুযোগও হয়।

দীর্ঘ যাত্রা শেষে বিকেল ৫টায় সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছাই। পুরোনো কংক্রিটের জেটি নষ্ট হয়ে যাওয়ায় সেখানে লোহার কাঠামো দিয়ে নতুন জেটি নির্মাণ করা হয়েছে। জেটি থেকে নামতেই বাঁ পাশে বাংলাদেশ কোস্ট গার্ডের ছাউনিতে লেখা চোখে পড়ে—‘এই দ্বীপে ড্রোন উড়ানো সম্পূর্ণরূপে নিষেধ’।

উত্তর-পশ্চিম সৈকত ও রাতের সেন্টমার্টিন

জেটিঘাট পেরিয়ে সেন্টমার্টিন বাজার থেকে ইজিবাইকে করে বড় ভাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. আতিকুস সামাদের সহযোগিতায় আইল্যান্ড রিসোর্টে পৌঁছাই। মাগরিবের আজানের সময় রিসোর্টে পৌঁছে মালিক সিদ্দিক ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। রিসোর্টের সামনে সারি সারি নারিকেলগাছের মাঝে বাঁধা দোলনা পরিবেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

হাত-মুখ ধুয়ে ১৫ থেকে ২০ মিনিট হেঁটে সেন্টমার্টিনের উত্তর সৈকতে যাই। কাছেই পশ্চিম সৈকত এবং কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘সমুদ্র বিলাস’ বাড়ি। রাতের আলোয় সমুদ্রপাড়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ে প্রবালের ওপর আছড়ে পড়া ঢেউ, পর্যটকদের বসার চেয়ার এবং পাশের ছোট বাজার। সেখানে বিভিন্ন ধরনের শুঁটকি ও সামুদ্রিক মাছ বারবিকিউ করে বিক্রি হচ্ছিল।

একজন শুঁটকি বিক্রেতার কাছ থেকে জানতে পারি, ছেঁড়া দ্বীপ দেখতে হলে ভাটার সময় যেতে হবে। জোয়ারে মাঝের চ্যানেল পানিতে ডুবে গেলে দ্বীপটিতে যাতায়াত কঠিন হয়ে পড়ে। ফেরার পথে একটি সুন্দর মসজিদের পাশে চায়ের দোকানে চা পান করি। রাতের খাবার শেষে রিসোর্টে ফিরে নারিকেলবাগানের দোলনায় কিছুটা সময় কাটিয়ে রাতযাপন করি।

ছয় মাস পর্যটন, ছয় মাস মাছ ধরা

পরদিন ১৬ নভেম্বর সোমবার সকালে ঘুম থেকে উঠে চায়ের দোকানে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়। প্রায় ২০০ বছর ধরে বংশপরম্পরায় দ্বীপে বসবাসকারী ওই ব্যক্তি জানান, দ্বীপের মানুষের জীবিকা মূলত ঋতুভিত্তিক। পর্যটন মৌসুমের ছয় মাস পর্যটকদের ঘিরে তাঁদের আয়-রোজগার চলে। তবে টেকনাফ থেকে ইজিবাইক আসায় দ্বীপে ইজিবাইকের সংখ্যা বেড়েছে। ফলে চালকদের আয় কমেছে। প্রতিটি ইজিবাইকের চার্জ বাবদ প্রতিদিন প্রায় ৭০০ টাকা ব্যয় করতে হয়।

বর্ষা মৌসুমে দ্বীপের ভেতরে ইজিবাইক চালানো যায় না। তখন সমুদ্রে মাছ ধরাই অনেকের জীবিকার প্রধান অবলম্বন। তবে বর্ষায় দ্বীপে মাছের দাম কম থাকায় আয়ও কমে যায়। স্থানীয় ওই বাসিন্দার ভাষায়, ‘মহান আল্লাহ তাআলা চাইলে একদিনে অনেক টাকার মাছ পাই, আবার না চাইলে কোনো দিন কোনো মাছই পাই না।’

কেয়াবন, প্রবাল ও ছেঁড়া দ্বীপের বাস্তবতা

সকাল ৮টার দিকে ইজিবাইক ভাড়া করে ছেঁড়া দ্বীপের উদ্দেশে রওনা হই। পথের দুপাশে রিসোর্ট, সারি সারি নারিকেলগাছ এবং কোথাও কোথাও কৃষকদের ধান কাটার দৃশ্য চোখে পড়ে। প্রায় ৩০ মিনিট পর চালক হাসান ভাই একটি জায়গায় গাড়ি থামিয়ে জানান, সামনের পথ সরু ও পাথুরে হওয়ায় হেঁটে যেতে হবে।

দুপাশে ঘন কেয়াগাছের ঝোপের ভেতর দিয়ে পাথুরে পথে এগোতে গিয়ে কিছুটা গা ছমছমে অনুভূতি হয়। স্থানীয়দের মতে, সেন্টমার্টিনে কেয়াগাছের আধিক্য বেশি। কেয়াফল খাদ্য হিসেবে খুব একটা ব্যবহৃত না হওয়ায় গাছ থেকে পাকা ফল ঝরে পড়ে এবং সেখান থেকে নতুন গাছ জন্মায়।

কেয়াবনের ভেতরে কিছু ছবি ও ভিডিও ধারণ করে সামনে এগোতেই ছেঁড়া দ্বীপের অবস্থান চোখে পড়ে। তবে পরিবেশ সংরক্ষণের কারণে এলাকাটির কিছু অংশ লাল পতাকা দিয়ে নিষিদ্ধ ভ্রমণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট দূরে গাছের সারি দেখা যায়। ভাটার সময় সেন্টমার্টিন ও ছেঁড়া দ্বীপের মাঝের চ্যানেলে বালু জেগে ওঠে, আর জোয়ারে পানিতে ভরে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

সেখান থেকে উত্তর দিকে এগোলে সমুদ্রের ঢেউয়ে জমে থাকা নানা রঙের ছোট ছোট শামুক, মসৃণ বড় পাথর এবং বিস্তীর্ণ প্রবাল এলাকা নজরে আসে। স্বচ্ছ নীল পানিতে ছোট সামুদ্রিক মাছ ও কাঁকড়ার বিচরণও দেখা যায়। প্রবালের ওপর বসে ঢেউয়ের আছড়ে পড়া দেখতে দেখতে সেন্টমার্টিনকে কেন প্রবাল দ্বীপ বলা হয়, তার বাস্তব রূপ উপলব্ধি করি।

এরপর গাছপালাঘেরা এলাকা পেরিয়ে দক্ষিণের পাথুরে পথে গিয়ে দেখি, সাগরের ঢেউ পাথরের গায়ে আছড়ে পড়ছে। পরে ইজিবাইকে করে আগুন্তক বিচে যাই। কক্সবাজারের সুগন্ধা বিচের মতো হলেও এখানে কোলাহল তুলনামূলক কম, ঢেউয়ের গর্জন বেশি এবং পানির রং বেশ নীল।

রিসোর্টে ফিরে সকালের নাশতা শেষে পশ্চিম বিচ ঘুরে দেখি। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্পিডবোটে করে পর্যটকেরা জেগে ওঠা প্রবাল পাথরের অংশে যাচ্ছিলেন। কেউ কেউ সৈকতে মোটরসাইকেল, সাইকেল ও ট্যাক্সি চালাচ্ছিলেন। বিচের পাশে রিসোর্ট, নারিকেলগাছ ও কেয়াগাছের সারি পরিবেশটিকে আরও সুন্দর করে তুলেছে। হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে প্রিয় বাবাকে এই দৃশ্যও দেখাই।

জমির দাম, বিদ্যুৎ সংকট ও দ্বীপের নাগরিক জীবন

দুপুরে খাওয়ার পর রিসোর্টের মালিক সিদ্দিক ভাইয়ের সঙ্গে দ্বীপের অর্থনীতি ও অবকাঠামো নিয়ে কথা হয়। তিনি জানান, সমুদ্র দেখা যায় এমন সৈকতসংলগ্ন এক বিঘা বা ৪০ শতক জমির দাম প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা। দ্বীপের মাঝামাঝি এলাকার জমির দাম ২ থেকে ৩ কোটি টাকা।

দ্বীপে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ না থাকায় সৌরবিদ্যুৎ ও নিজস্ব জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সৌরবিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে প্রতি ওয়াটের খরচ প্রায় ৭৫ টাকা।

দুপুর আড়াইটার দিকে সিদ্দিক ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে দ্বীপের ভেতর দিয়ে হাঁটতে থাকি। চোখে পড়ে দ্বিতল প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এবং ৬ নম্বর সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর চেয়ারম্যান মুজিবুর রহমান দায়িত্বে না থাকায় বর্তমানে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বীপে জনসংখ্যা প্রায় সাড়ে আট হাজার এবং ভোটার সংখ্যা প্রায় সাড়ে চার হাজার।

দুর্যোগ আশ্রয়কেন্দ্র

ইউনিয়ন পরিষদের দক্ষিণে রয়েছে পুরোনো দ্বিতল একটি সাইক্লোন শেল্টার। ভবনটির নিচতলায় দেয়াল নেই। সেখানে টিনের বেড়া দিয়ে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান

দ্বীপে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

বিদ্যুৎ

জাতীয় গ্রিডের বিদ্যুৎ না থাকায় দ্বীপের বাসিন্দাদের সৌরবিদ্যুৎ ও জেনারেটরের ওপর নির্ভর করতে হয়।

স্বাস্থ্যসেবা

ইউনিয়ন পরিষদের পশ্চিমে রয়েছে ২০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। এটি কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এমবিবিএস চিকিৎসক ডা. জাহিদুর রহমান জানান, ১০ থেকে ১২ জন স্টাফ নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শুক্রবার ছাড়া প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। ডা. সুমাইয়া চৌধুরীর তত্ত্বাবধানে গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবসেবাও দেওয়া হচ্ছে। তবে আধুনিক ল্যাব না থাকায় উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের সমুদ্র পাড়ি দিয়ে টেকনাফে যেতে হয়।

হাঁটতে হাঁটতে চোখে পড়ে জেনারেটরে চলা একটি কাঠ চেরাইয়ের করাতকল এবং সেন্টমার্টিন বাজারের পাশের একটি সুন্দর মসজিদ। মসজিদের সামনের ছোট পুকুরটি প্রায় ২০০ বছরের পুরোনো বলে স্থানীয় এক মুসল্লি জানান। স্থানীয়দের ভাষ্যমতে, দ্বীপে মাটির পাঁচ থেকে দশ ফুট গভীরেই মিষ্টি পানি পাওয়া যায়।

ফিরতি যাত্রা

বিকেল ৪টা ৪৫ মিনিটে সেন্টমার্টিন বাজারে ফিরে নির্ধারিত সময়ে জেটিঘাট থেকে এমভি মালঞ্চ জাহাজে উঠি। বিকেল ৫টায় জাহাজ কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। রাত সাড়ে ১১টায় নুনিয়ারছড়া জেটিঘাটে পৌঁছাই।

সব মিলিয়ে নীল সমুদ্র, প্রবাল, কেয়াবন, পাথুরে সৈকত এবং দ্বীপবাসীর সংগ্রামী জীবনের বাস্তবতা—দুই দিনের এই ভ্রমণ ছিল স্মৃতি ও পর্যবেক্ষণে ভরপুর। প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি দ্বীপের অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও জীবন-জীবিকার নানা সীমাবদ্ধতাও নতুন করে ভাবিয়েছে।

এই ভ্রমণে আমার সফরসঙ্গী ছিলেন সহকর্মী সাংবাদিক মোস্তাকিন হোসেন।

Ads small one

শ্যামনগরে সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নামে নাশকতার মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
শ্যামনগরে সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নামে নাশকতার মামলা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক-ই ইল্লাহি মুন্নার ভাইপো এস এম সায়েদ সুলতান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জগলুল হায়দার, তাঁর তিন ভাই জহুরুল হায়দার বাবু, কামরুল হায়দার নান্টু ও জাহাঙ্গীর হায়দার এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার জেলেখালী এলাকা থেকে তিন বোতল পেট্রোলসহ স্থানীয়দের হাতে আটক ছাত্রলীগ কর্মী আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বাড়ি যথাক্রমে গোমানতলী ও পানখালী গ্রামে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শনিবার রাতে আল আমিন ও জাহাঙ্গীরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলেখালী এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। এ সময় দুজনকে আটক করা হয়।
এদিকে আব্দুর রহমান বাবুর রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির ও পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুসহ কয়েকজন নেতার দাবি, বাবু একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন এবং ২০২৪ সালের জুনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হন।
তাঁদের অভিযোগ, পুরোনো রাজনৈতিক পরিচয় সামনে এনে মামলার দায় থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন বাবু। তবে এ বিষয়ে আব্দুর রহমান বাবুর বক্তব্য পাওয়া যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, সায়েদ সুলতান ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেছেন। পেট্রোলসহ আটক আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা আর নেই

পত্রদূত ডেস্ক: প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা (৮৯) আর নেই। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকায় ছোট মেয়ের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় নিজ বাসভবনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সম্পাদকীয়/প্রসঙ্গ: ভবদহের জলাবদ্ধতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: ভবদহের জলাবদ্ধতা

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা কোনো সাময়িক প্রাকৃতিক বিপর্যয় নয়; এটি কয়েক দশকের পুঞ্জীভূত সংকট, যা এখানকার মানুষের জীবন-জীবিকা, কৃষি ও বসতিকে প্রায় অচল করে তুলেছে। সাম্প্রতিক পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের বক্তব্যে দ্রুততম সময়ে এই সমস্যার সমাধানের যে আশ্বাস দেওয়া হয়েছে, তা ভবদহবাসীর দীর্ঘদিনের বঞ্চনার প্রেক্ষাপটে নিঃসন্দেহে ইতিবাচক। তবে অতীতের নানা প্রকল্প ও আশ্বাসের অভিজ্ঞতায় সাধারণ মানুষ এখন কেবল কথার চেয়ে বাস্তব ও টেকসই পদক্ষেপ দেখতে চান।
স্বল্পমেয়াদি পরিকল্পনায় আগামী এক থেকে দুই বছরের মধ্যে পুরো অঞ্চলকে চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভবদহের উর্বর মাটি দ্রুত কৃষিকাজে ফেরাতে পারলে স্থানীয় অর্থনীতিতে স্বস্তি ফিরবে, এটি বাস্তব। এ জন্য নদী ও খাল খনন এবং স্লুইসগেট ব্যবস্থাপনার যথাযথ সমন্বয় জরুরি। পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮১ কিলোমিটার নদী খননের কাজ শেষ পর্যায়ে থাকার এবং আমডাঙ্গা খাল খনন ও প্রশস্তকরণের অগ্রগতির কথা জানানো হয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোয়ারাধার বা টিআরএম চালুর বিষয়টি বিবেচনায় রাখার পাশাপাশি পদ্মা ব্যারাজের মতো বৃহৎ অবকাঠামোর সম্ভাবনার কথাও উঠে এসেছে।
কিন্তু ভবদহ সংকটের মূল জায়গা হলো পলি ব্যবস্থাপনা ও স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ বজায় রাখা। অতীতে নানা সময় খননকাজ হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে অল্প দিনেই নদী ও খাল ভরাট হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আবার টিআরএম বা অন্য কোনো উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় মানুষের আস্থা, ক্ষতিপূরণ ও বাস্তবসম্মত পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ এবং ভুক্তভোগী এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, মাঠপর্যায়ে তার প্রতিফলন থাকা আবশ্যক।
সরেজমিনে ভবদহের পরিস্থিতি পরিদর্শন এবং একাধিক মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের যে বার্তা দেওয়া হয়েছে, তা ধরে রাখতে হবে। জলাবদ্ধতা নিরসনে খাতওয়ারি দায়িত্ব বণ্টন, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে তবেই ভবদহবাসীর দুর্ভোগ লাঘব হবে। দ্রুততম সময়ের প্রতিশ্রুতি যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব পরিবর্তনের মাধ্যমে ভবদহের মানুষের স্বাভাবিক জীবন ও কৃষি ফিরিয়ে আনেÑএটাই সবার প্রত্যাশা।