রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের গহনা বন্ধক রেখে স্কুল, ১৭ বছর বিনা বেতনে অধ্যক্ষের দায়িত্বে শিমুল বিল্লাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
মায়ের গহনা বন্ধক রেখে স্কুল, ১৭ বছর বিনা বেতনে অধ্যক্ষের দায়িত্বে শিমুল বিল্লাল

পলাশ কর্মকার

বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে রাজধানীর সম্ভাবনাময় সাংবাদিকতা ছেড়ে গ্রামে ফিরেছিলেন শিমুল বিল্লাল বাপি। মায়ের গলার হার ও কৃষিজমি বন্ধক রেখে গড়ে তুলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান। গত ১৭ বছর ধরে বিনা বেতনে পালন করছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব। অথচ তাঁর প্রতিষ্ঠিত পিটিডি একাডেমি ও পিটিডি সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের টিনের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে। জরাজীর্ণ ভবন, অপর্যাপ্ত শিক্ষা উপকরণ এবং আধুনিক ল্যাবের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদান ও কারিগরি শিক্ষার পরিবেশ।

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে অবস্থিত প্রতিষ্ঠান দুটি পাইকগাছা, তালা ও ডুমুরিয়া উপজেলার সীমান্তবর্তী কপোতাক্ষ নদের অববাহিকার দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ করে দিতে কাজ করছে। পিটিডি একাডেমিতে প্রাথমিক শিক্ষা এবং পিটিডি সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে নবম-দশম শ্রেণির কারিগরি শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এটি পাইকগাছা উপজেলার প্রথম স্বতন্ত্র কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

বাবার স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ

প্রতিষ্ঠানটির যাত্রা শুরু ১৯৮২ সালের ১৭ ফেব্রুয়ারি। একুশে পদকপ্রাপ্ত প্রয়াত এম এ মান্নান তখন কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মুক্তিযুদ্ধের এই সংগঠকের স্বপ্ন ছিল এলাকায় একটি আধুনিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার সুযোগ তৈরি করা। নিজ অর্থে জমি কিনে প্রতিষ্ঠান গড়ার উদ্যোগও নিয়েছিলেন তিনি। তৎকালীন খুলনা জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু দীর্ঘ অসুস্থতার পর এম এ মান্নানের মৃত্যুতে উদ্যোগটি থেমে যায়।

বাবার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নেন ছেলে শিমুল বিল্লাল। ২০০৮ সালে নতুন করে প্রতিষ্ঠান গড়ার কাজ শুরু করেন তিনি। অর্থসংকটে নির্মাণকাজ বাধাগ্রস্ত হলে স্কুলঘর তৈরির জন্য মা রওশনারা মান্নানের গলার হার কপিলমুনি বাজারের একটি স্বর্ণের দোকানে বন্ধক রাখতে হয়। পাশাপাশি অর্থের জোগান দিতে বন্ধক রাখতে হয় কৃষিজমিও।

সাংবাদিকতা ছেড়ে শিক্ষার পথে

শিমুল বিল্লালের নিজের জীবনও তখন সম্ভাবনাময় পথে এগোচ্ছিল। ঢাকা কলেজের ইতিহাস বিভাগ থেকে ২০০৫ সালে অনার্স ও ২০০৭ সালে মাস্টার্স সম্পন্ন করেন। সাংবাদিকতায় ডিপ্লোমা করার পাশাপাশি ২০০৭ সালে লন্ডন কলেজে এ বিষয়ে পড়াশোনার বৃত্তিও পান। দৈনিক সংবাদ, সাপ্তাহিক শীর্ষ কাগজ, শীর্ষনিউজ ডটকম, দৈনিক ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ ও যুগান্তরে কাজ করেছেন। বাংলাদেশ বেতার খুলনার খণ্ডকালীন প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে খুলনা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন।

তবে ২০১০ সালের এপ্রিলে সাংবাদিকতা ছেড়ে গ্রামে ফিরে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব নেন তিনি। গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে বিনা বেতনে কাজ করছেন। তাঁর ভাষায়, ‘আমার এই পথ চলাতেই আনন্দ।’ সংসার চলে পারিবারিক সম্পদ থেকে। তাঁর স্ত্রী রুনা আক্তার স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। বড় ভাই মোহাম্মদ পারভেজ হোসেনসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও কয়েকজন শুভানুধ্যায়ী প্রতিষ্ঠানটির পাশে রয়েছেন।

জীর্ণ ভবনে পাঠদান, নেই পর্যাপ্ত ল্যাব

বর্তমানে ভোকেশনাল শাখায় আটজন এবং প্রাথমিক শাখায় সাতজন শিক্ষক-কর্মচারী রয়েছেন। ২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হয়েছে ৩৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৬ জন ছেলে ও তিনজন মেয়ে। আগের শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিল ৫১ জন।

প্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষগুলোর অবস্থা নাজুক। বৃষ্টির দিনে টিনের চাল দিয়ে পানি পড়ে, কোথাও মেঝে ভিজে থাকে, কোথাও দরজা-জানালা জরাজীর্ণ। মাঠে পানি জমে থাকে। আধুনিক ভবন, পর্যাপ্ত শিক্ষা উপকরণ, কারিগরি শিক্ষার প্রয়োজনীয় ল্যাব ও যন্ত্রপাতিরও সংকট রয়েছে। হাতে-কলমে কাজ শেখার সুযোগ সীমিত হওয়ায় শিক্ষার্থীদের দক্ষতা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে।

সাফল্য থাকলেও আর্থিক সংকট

প্রতিকূলতার মধ্যেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছে। অধ্যক্ষের দাবি, এখান থেকে প্রাথমিক ও এসএসসি পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সাবেক শিক্ষার্থী লিমা খাতুন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে, আশিক মো. বিজয় বাংলাদেশ সেনাবাহিনীতে, তানজিম বারি বাংলাদেশ ডাক বিভাগে এবং বিজয় দাস একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত। আরও অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন কিংবা উচ্চশিক্ষা নিচ্ছেন।

ভোকেশনাল শাখার শিক্ষকরা ২০২০ সালের ২৯ এপ্রিল এমপিওভুক্ত হলেও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এর আওতায় আসেননি। অন্যদিকে প্রাথমিক শাখার শিক্ষকদের বেতন দিতে হয় রওশনারা-মান্নান শিক্ষা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে।

এলাকার সমাজসেবক এম বুলবুল আহম্মেদ বলেন, প্রয়াত এম এ মান্নান এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষা ও তরুণদের কারিগরি শিক্ষার সুযোগ তৈরির মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। তাঁর স্বপ্ন বাস্তবায়িত হলেও অবকাঠামোগত দুর্বলতা রয়ে গেছে। কোনো কক্ষে ছাউনি বা দরজা নেই, আবার বৃষ্টিতে মাটির মেঝে কাদায় পরিণত হয়। তিনি দ্রুত প্রতিষ্ঠানটিতে সময়োপযোগী ভবন নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানান।

পাইকগাছা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগ প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখার অনুমোদন দিয়েছে। তিনি কয়েকবার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। বর্তমানে অবকাঠামো বেশ দুর্বল, তাই সংস্কার প্রয়োজন।

বাবার স্বপ্ন, মায়ের ত্যাগ আর অধ্যক্ষের দীর্ঘদিনের বিনা বেতনের শ্রমে প্রতিষ্ঠানটি টিকে থাকলেও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে এখন প্রয়োজন সরকারি সহযোগিতা, উন্নত অবকাঠামো ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয় উপকরণ।

Ads small one

শ্যামনগরে সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নামে নাশকতার মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
শ্যামনগরে সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নামে নাশকতার মামলা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক-ই ইল্লাহি মুন্নার ভাইপো এস এম সায়েদ সুলতান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জগলুল হায়দার, তাঁর তিন ভাই জহুরুল হায়দার বাবু, কামরুল হায়দার নান্টু ও জাহাঙ্গীর হায়দার এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার জেলেখালী এলাকা থেকে তিন বোতল পেট্রোলসহ স্থানীয়দের হাতে আটক ছাত্রলীগ কর্মী আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বাড়ি যথাক্রমে গোমানতলী ও পানখালী গ্রামে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শনিবার রাতে আল আমিন ও জাহাঙ্গীরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলেখালী এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। এ সময় দুজনকে আটক করা হয়।
এদিকে আব্দুর রহমান বাবুর রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির ও পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুসহ কয়েকজন নেতার দাবি, বাবু একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন এবং ২০২৪ সালের জুনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হন।
তাঁদের অভিযোগ, পুরোনো রাজনৈতিক পরিচয় সামনে এনে মামলার দায় থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন বাবু। তবে এ বিষয়ে আব্দুর রহমান বাবুর বক্তব্য পাওয়া যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, সায়েদ সুলতান ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেছেন। পেট্রোলসহ আটক আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা আর নেই

পত্রদূত ডেস্ক: প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা (৮৯) আর নেই। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকায় ছোট মেয়ের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় নিজ বাসভবনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সম্পাদকীয়/প্রসঙ্গ: ভবদহের জলাবদ্ধতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: ভবদহের জলাবদ্ধতা

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা কোনো সাময়িক প্রাকৃতিক বিপর্যয় নয়; এটি কয়েক দশকের পুঞ্জীভূত সংকট, যা এখানকার মানুষের জীবন-জীবিকা, কৃষি ও বসতিকে প্রায় অচল করে তুলেছে। সাম্প্রতিক পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের বক্তব্যে দ্রুততম সময়ে এই সমস্যার সমাধানের যে আশ্বাস দেওয়া হয়েছে, তা ভবদহবাসীর দীর্ঘদিনের বঞ্চনার প্রেক্ষাপটে নিঃসন্দেহে ইতিবাচক। তবে অতীতের নানা প্রকল্প ও আশ্বাসের অভিজ্ঞতায় সাধারণ মানুষ এখন কেবল কথার চেয়ে বাস্তব ও টেকসই পদক্ষেপ দেখতে চান।
স্বল্পমেয়াদি পরিকল্পনায় আগামী এক থেকে দুই বছরের মধ্যে পুরো অঞ্চলকে চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভবদহের উর্বর মাটি দ্রুত কৃষিকাজে ফেরাতে পারলে স্থানীয় অর্থনীতিতে স্বস্তি ফিরবে, এটি বাস্তব। এ জন্য নদী ও খাল খনন এবং স্লুইসগেট ব্যবস্থাপনার যথাযথ সমন্বয় জরুরি। পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮১ কিলোমিটার নদী খননের কাজ শেষ পর্যায়ে থাকার এবং আমডাঙ্গা খাল খনন ও প্রশস্তকরণের অগ্রগতির কথা জানানো হয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোয়ারাধার বা টিআরএম চালুর বিষয়টি বিবেচনায় রাখার পাশাপাশি পদ্মা ব্যারাজের মতো বৃহৎ অবকাঠামোর সম্ভাবনার কথাও উঠে এসেছে।
কিন্তু ভবদহ সংকটের মূল জায়গা হলো পলি ব্যবস্থাপনা ও স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ বজায় রাখা। অতীতে নানা সময় খননকাজ হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে অল্প দিনেই নদী ও খাল ভরাট হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আবার টিআরএম বা অন্য কোনো উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় মানুষের আস্থা, ক্ষতিপূরণ ও বাস্তবসম্মত পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ এবং ভুক্তভোগী এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, মাঠপর্যায়ে তার প্রতিফলন থাকা আবশ্যক।
সরেজমিনে ভবদহের পরিস্থিতি পরিদর্শন এবং একাধিক মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের যে বার্তা দেওয়া হয়েছে, তা ধরে রাখতে হবে। জলাবদ্ধতা নিরসনে খাতওয়ারি দায়িত্ব বণ্টন, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে তবেই ভবদহবাসীর দুর্ভোগ লাঘব হবে। দ্রুততম সময়ের প্রতিশ্রুতি যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব পরিবর্তনের মাধ্যমে ভবদহের মানুষের স্বাভাবিক জীবন ও কৃষি ফিরিয়ে আনেÑএটাই সবার প্রত্যাশা।