রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

আশাশুনির প্রতাপনগরে ১১ দফা দাবিতে নাগরিক সমাজের স্মারকলিপি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
আশাশুনির প্রতাপনগরে ১১ দফা দাবিতে নাগরিক সমাজের স্মারকলিপি

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও দুর্যোগ মোকাবিলাসহ কৃষি ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ দফা দাবিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে প্রতাপনগর ইউনিয়ন নাগরিক সমাজ (সিএসসি)।
স্মারকলিপিতে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ, নদী ও খাল খনন, টেকসই বেড়িবাঁধ এবং স্লুইসগেট নির্মাণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি কৃষিজমি রক্ষা, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানি নিশ্চিতকরণ, আধুনিক কৃষি উপকরণ সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, এসব দাবি বাস্তবায়িত হলে প্রতাপনগরের নাগরিক জীবন, কৃষি ও পরিবেশের ইতিবাচক পরিবর্তন ঘটবে।
ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী স্মারকলিপি গ্রহণ করে দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিরসনে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি এসব কাজে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

Ads small one

শ্যামনগরে সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নামে নাশকতার মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
শ্যামনগরে সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নামে নাশকতার মামলা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক-ই ইল্লাহি মুন্নার ভাইপো এস এম সায়েদ সুলতান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জগলুল হায়দার, তাঁর তিন ভাই জহুরুল হায়দার বাবু, কামরুল হায়দার নান্টু ও জাহাঙ্গীর হায়দার এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার জেলেখালী এলাকা থেকে তিন বোতল পেট্রোলসহ স্থানীয়দের হাতে আটক ছাত্রলীগ কর্মী আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বাড়ি যথাক্রমে গোমানতলী ও পানখালী গ্রামে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শনিবার রাতে আল আমিন ও জাহাঙ্গীরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলেখালী এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। এ সময় দুজনকে আটক করা হয়।
এদিকে আব্দুর রহমান বাবুর রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির ও পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুসহ কয়েকজন নেতার দাবি, বাবু একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন এবং ২০২৪ সালের জুনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হন।
তাঁদের অভিযোগ, পুরোনো রাজনৈতিক পরিচয় সামনে এনে মামলার দায় থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন বাবু। তবে এ বিষয়ে আব্দুর রহমান বাবুর বক্তব্য পাওয়া যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, সায়েদ সুলতান ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেছেন। পেট্রোলসহ আটক আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা আর নেই

পত্রদূত ডেস্ক: প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা (৮৯) আর নেই। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকায় ছোট মেয়ের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় নিজ বাসভবনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সম্পাদকীয়/প্রসঙ্গ: ভবদহের জলাবদ্ধতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: ভবদহের জলাবদ্ধতা

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা কোনো সাময়িক প্রাকৃতিক বিপর্যয় নয়; এটি কয়েক দশকের পুঞ্জীভূত সংকট, যা এখানকার মানুষের জীবন-জীবিকা, কৃষি ও বসতিকে প্রায় অচল করে তুলেছে। সাম্প্রতিক পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের বক্তব্যে দ্রুততম সময়ে এই সমস্যার সমাধানের যে আশ্বাস দেওয়া হয়েছে, তা ভবদহবাসীর দীর্ঘদিনের বঞ্চনার প্রেক্ষাপটে নিঃসন্দেহে ইতিবাচক। তবে অতীতের নানা প্রকল্প ও আশ্বাসের অভিজ্ঞতায় সাধারণ মানুষ এখন কেবল কথার চেয়ে বাস্তব ও টেকসই পদক্ষেপ দেখতে চান।
স্বল্পমেয়াদি পরিকল্পনায় আগামী এক থেকে দুই বছরের মধ্যে পুরো অঞ্চলকে চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভবদহের উর্বর মাটি দ্রুত কৃষিকাজে ফেরাতে পারলে স্থানীয় অর্থনীতিতে স্বস্তি ফিরবে, এটি বাস্তব। এ জন্য নদী ও খাল খনন এবং স্লুইসগেট ব্যবস্থাপনার যথাযথ সমন্বয় জরুরি। পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮১ কিলোমিটার নদী খননের কাজ শেষ পর্যায়ে থাকার এবং আমডাঙ্গা খাল খনন ও প্রশস্তকরণের অগ্রগতির কথা জানানো হয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোয়ারাধার বা টিআরএম চালুর বিষয়টি বিবেচনায় রাখার পাশাপাশি পদ্মা ব্যারাজের মতো বৃহৎ অবকাঠামোর সম্ভাবনার কথাও উঠে এসেছে।
কিন্তু ভবদহ সংকটের মূল জায়গা হলো পলি ব্যবস্থাপনা ও স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ বজায় রাখা। অতীতে নানা সময় খননকাজ হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে অল্প দিনেই নদী ও খাল ভরাট হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আবার টিআরএম বা অন্য কোনো উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় মানুষের আস্থা, ক্ষতিপূরণ ও বাস্তবসম্মত পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ এবং ভুক্তভোগী এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, মাঠপর্যায়ে তার প্রতিফলন থাকা আবশ্যক।
সরেজমিনে ভবদহের পরিস্থিতি পরিদর্শন এবং একাধিক মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের যে বার্তা দেওয়া হয়েছে, তা ধরে রাখতে হবে। জলাবদ্ধতা নিরসনে খাতওয়ারি দায়িত্ব বণ্টন, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে তবেই ভবদহবাসীর দুর্ভোগ লাঘব হবে। দ্রুততম সময়ের প্রতিশ্রুতি যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব পরিবর্তনের মাধ্যমে ভবদহের মানুষের স্বাভাবিক জীবন ও কৃষি ফিরিয়ে আনেÑএটাই সবার প্রত্যাশা।