অধ্যক্ষের ওপর হামলা: বিচার চেয়ে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা
পত্রদূত ডেস্ক: শিক্ষাগুরুর ওপর হামলা মানেই যেন সমাজের বিবেককে আঘাত করা। সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় এবার উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরার রাজপথ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল ১১টা। শহরের সুলতানপুর বড় বাজার সড়ক। সাধারণ জনতা ও শিক্ষার্থীদের ভিড়ে সেখানে যেন প্রতিবাদের এক আবহ তৈরি হয়। কলেজের সামনের এই সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা ক্ষোভের সঙ্গে জানান, একজন আদর্শ শিক্ষকের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. ময়নুল হাসান, শিক্ষক প্রদ্যুত কুমার বিশ্বাস, গোলাম মোস্তফা, তৈয়েব হাসান বাবু প্রমুখ।
বক্তারা বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাঁদের ওপর হামলা মানেই হলো পুরো সমাজ ব্যবস্থাকে কলঙ্কিত করা।” এ সময় তাঁরা ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
ঘটনার সূত্রপাত গত ১ এপ্রিল বিকেলে। সদর উপজেলার ঝিটকি রাজাপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ মাহফুজুল, বাবুর আলী, আব্দুল জলিল, জিয়ারুল ও ইসমাইলসহ একদল সন্ত্রাসী স্টাইলে অধ্যক্ষ সফিকুজ্জামানের বাড়িতে চড়াও হয়। সেখানে তাঁকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। শুধু মেরেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা; অধ্যক্ষের বাড়িতে ভাঙচুর ও লুটপাটও চালানো হয় বলে জানা গেছে। প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা তাঁদের প্রিয় অধ্যক্ষের দ্রুত সুস্থতা কামনা করেন। এই হামলার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষা অঙ্গনের এই উদ্বেগ কাটবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।









