সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
পত্রদূত রিপোর্ট: বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ চান্দুরিয়া, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা এবং বৈকারী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, ঔষধ এবং পাতার বিড়ি আটক করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, চান্দুরিয়া বিওপির আভিযানে কলারোয়া থানার আমবাগান হতে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার শালবাগান হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং তলুইগাছা পাকা রাস্তা হতে ২৬ হাজার ৪০০ টাকার ভারতীয় পাতার বিড়ি আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার রাজপুর হতে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি এবং কলারোয়া থানার ভাদিয়ালি হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালি হতে ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে।
এছাড়াও, বৈকারী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার চৌধুরী পাড়া হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৪ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।









