হরিজনদের জীবনমান উন্নয়নে বহুমুখী কর্মসংস্থানের দাবি
বি. এম. জুলফিকার রায়হান, তালা: সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা পৌরসভার হরিজন পল্লীতে এই সভার আয়োজন করা হয়।
রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এর উদ্যোগে এবং যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় হরিজন সম্প্রদায়ের পেশাগত মর্যাদা, বিকল্প কর্মসংস্থান, সুপেয় পানির সংকট, স্যানিটেশন সমস্যা এবং বসতবাড়ির ভূমির মালিকানাহীনতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।
রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাজমুন নাহার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ও গবেষক স্যালি ক্যাউড।
সভায় বক্তারা বলেন, হরিজন জনগোষ্ঠীর পরিচ্ছন্নতা কর্মীরা দীর্ঘকাল ধরে আত্মপরিচয়ের সংকট ও মানবিক বঞ্চনার শিকার। তাঁদের এই সংকট নিরসনে কেবল সচেতনতা বাড়ালেই হবে না, বরং সরকারি বিভিন্ন পরিষেবা ও কর্মসংস্থানে তাঁদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। প্রথাগত পরিচ্ছন্নতা কাজের বাইরে তাঁদের শিক্ষিত করে তোলা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিইব-এর উপপরিচালক রুহি নাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।
হরিজন কমিউনিটির স্বপন কুমার হালদারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে রিইব-এর প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান এবং হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি চন্দন হেলা, জীবন কুমার ডোম ও কনক ডোম বক্তব্য রাখেন। বক্তারা হরিজন পল্লীর স্যানিটেশন ও আবাসন ব্যবস্থার আধুনিকায়নের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।






