বিদ্যুৎ সাশ্রয়ে সাতক্ষীরায় সন্ধ্যা ৭টার পর দোকান ও মেলা বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ সাশ্রয়ে সাতক্ষীরা জেলাজুড়ে শপিং মল, দোকানপাট ও চলমান মেলা প্রতিদিন সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আখতার এই আদেশ জারি করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ৮ এপ্রিলের স্মারক অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনায় যা বলা হয়েছেÑ জেলাধীন সকল শপিং মল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। বিলবোর্ডে ব্যবহৃত বাতিও নির্ধারিত সময়ের পর বন্ধ রাখতে হবে। জেলায় চলমান বা অনুষ্ঠিতব্য সকল বাণিজ্য মেলা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাতটার মধ্যে অবশ্যই শেষ করতে হবে। মেলা প্রাঙ্গণে যেকোনো ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে। অননুমোদিত বা অবৈধ মেলা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আখতার তাঁর আদেশে বিদ্যুৎ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জানানো হয়েছে, নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









