শ্যামনগরে দলিত নারী ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে দলিত ও প্রতিবন্ধী পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘নাগরিক উদ্যোগ’ ও ‘জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলিত জনগোষ্ঠীর বর্তমান চিত্র এবং তাঁদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সভায় বক্তারা দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা, মৌলিক সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
বক্তারা বলেন, দলিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারি সেবাসমূহ তাঁদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই অবহেলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধির একটি প্রকল্পের আওতায় এদিন সহায়তা প্রদান করা হয়। আয় বৃদ্ধিমূলক কাজের জন্য ১২ জন দলিত নারীকে মাথাপিছু ১০ হাজার টাকার অফেরতযোগ্য চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক উদ্যোগের কর্মসূচি ব্যবস্থাপক নাদিরা পারভীন ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো। এ সময় শ্যামনগর প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহায়তা পাওয়া নারীরা জানান, এই অর্থ দিয়ে তাঁরা ছোটখাটো ব্যবসা বা হাঁস-মুরগি পালনের মাধ্যমে নিজেদের সাবলম্বী করার চেষ্টা করবেন।












