সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি আরব

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। রবিবার (১৭ মে) দেশটির আকাশে এই চাঁদ দেখা যায়। সেই অনুযায়ী, আগামীকাল সোমবার (১৮ মে) থেকে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাস শুরু হবে।
ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের সর্বশেষ মাস জিলহজের ১০ম দিনে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের দিন অর্থাৎ ২৬ মে পবিত্র আরাফাহ দিবস পালিত হবে।

এর আগে, তুরস্ক, ইন্দোনেশিয়া, তিউনিসিয়াও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।

Ads small one

দুষ্টচক্র ভেঙে জ্বালানি নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
দুষ্টচক্র ভেঙে জ্বালানি নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, জ্বালানি খাতের কাঠামোগত দুর্বলতা ও ‘দুষ্টচক্র’ ভেঙে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পাঁচটি মূল উদ্যোগ গ্রহণ করবে।
রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভাটি সমন্বিতভাবে আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অনলাইন মিডিয়া ঢাকা স্ট্রিম।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, উৎপাদন সক্ষমতা ও ব্যবহারের মধ্যে বড় ধরনের ফারাক, অস্বচ্ছ চুক্তি এবং জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংকট তৈরি করেছে। এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে কাঠামোগত পরিবর্তন জরুরি।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাঁচটি উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, প্রথমত, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সামনে রেখে জ্বালানি মিশ্রণ পুনর্গঠন করা হবে এবং নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানো হবে।

দ্বিতীয়ত, সাধারণ ভোক্তা ও শিল্প খাতের জন্য আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ভারসাম্যপূর্ণ মূল্য কাঠামো নির্ধারণ করা হবে।

তৃতীয়ত, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও দেশীয় উৎপাদন উৎসাহিত করা হবে, যাতে আমদানি নির্ভরতা কমে।

চতুর্থত, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হবে; এ লক্ষ্যে বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

পঞ্চমত, নির্দিষ্ট সময়ের জন্য জ্বালানি মজুত নিশ্চিত করতে একটি ‘বেঞ্চমার্ক’ নির্ধারণ করা হবে।

উপদেষ্টা বলেন, অতীতে কিছু গোষ্ঠীর নিয়ন্ত্রণে জ্বালানি খাত পরিচালিত হওয়ায় প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে এবং এতে জনগণের ওপর ভর্তুকির চাপ বেড়েছে। এই কাঠামোগত সমস্যা সমাধান না হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না এবং শিল্পায়নও ক্ষতিগ্রস্ত হবে।

নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং আগামী বাজেট প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির চেষ্টা করা হবে।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বর্তমান জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অবদান মাত্র ৫ শতাংশ, যা খুবই অল্প। জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির অগ্রাধিকার বৃদ্ধিতে আগামী বাজেটে এডিপিসহ সামগ্রিক বরাদ্দে নবায়নযোগ্য খাতের অংশ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। প্রতিবছর ‘ন্যাশনাল অ্যানার্জি ট্রানজিশন রিপোর্ট’ প্রণয়ন ও প্রকাশ বাজেটের সঙ্গে সমন্বিতভাবে জ্বালানি রূপান্তর সংক্রান্ত সব উদ্যোগ, অর্থায়ন ও অগ্রগতি একটি সমন্বিত প্রতিবেদনে তুলে ধরতে হবে। নিজস্ব সক্ষমতা বাড়িয়ে স্টোরেজ সিস্টেমকে ডেভেলপমেন্ট করতে হবে। ইরিগেশনের ক্ষেত্রে ডিজেল পাম্পের পরিবর্তে সোলার পাম্প ব্যবহার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) রেহান আসিফ আসাদ নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি, ইলেকট্রিক যানবাহন ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তিকে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে একটি সমন্বিত জ্বালানি কৌশল প্রণয়নে কাজ করছে।

তিনি আরো বলেন, জ্বালানি সংরক্ষণে লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়াতে সরকার কর ও শুল্ক সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।

ইলেকট্রিক যানবাহন (ইভি) প্রসঙ্গে তিনি বলেন, এটি ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা হলেও এর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন, চার্জিং অবকাঠামো এবং বিনিয়োগ প্রয়োজন। সরকার ইতোমধ্যে এ খাতে কিছু প্রণোদনা দিয়েছে এবং আরো উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর বর্তমান নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলমগীর মোরসেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নবায়নযোগ্য জ্বালানি এবং গবেষণ ও উন্নয়ন পরিদপ্তরের পরিচালক মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানাসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডাতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোববার(১৭মে) সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ডব্লিউএইচও জানিয়েছে, গত এক মাসে কঙ্গোতে ইবোলায় আক্রান্ত হয়ে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে বর্তমানে ইবোলার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৪৬ জন রোগী। তাদের মধ্যে আট জনের শরীরে পরীক্ষাগারে ইবোলা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় আন্তর্জাতিকভাবে সতর্কতা জারি করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো, রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং সীমান্ত এলাকায় স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।

ইবোলা একটি অত্যন্ত প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। সাধারণত আক্রান্ত ব্যক্তির শরীরের তরল বা সংস্পর্শের মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ে। জ্বর, দুর্বলতা, বমি, ডায়রিয়া ও রক্তক্ষরণ এর প্রধান উপসর্গ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

অবশেষে মেসির নৈপুণ্যে নতুন স্টেডিয়ামে জয় দেখলো মায়ামি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
অবশেষে মেসির নৈপুণ্যে নতুন স্টেডিয়ামে জয় দেখলো মায়ামি

বিশ্বকাপ শুরুর আগে দারুণ ছন্দে রয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। এবার তো তার গোল ও চোখধাঁধানো অ্যাসিস্টে অবশেষে নিজেদের নতুন স্টেডিয়ামে প্রথম জয়ের দেখাও পেয়েছে ইন্টার মায়ামি। পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে তারা।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা পুরো ম্যাচজুড়ে টিম্বার্সের রক্ষণভাগ নাকাল করেছেন। বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় বাকি থাকতে এই পারফরম্যান্স আবারও মনে করিয়ে দিচ্ছে, কতটা ভয়ংকর হতে পারেন মেসি।

মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে ম্যাচের ৩০তম মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে গোল করেন মেসি। আক্রমণের শুরুটা করেছিলেন তিনিই। বল বাড়ান লুইস সুয়ারেজকে। সুয়ারেজ থ্রু পাস দেন তেলাসকো সেগোভিয়াকে। সেগোভিয়ার ব্যাকহিল থেকে বল আবার পৌঁছে যায় মেসির পায়ে। কাছ থেকে নেওয়া শটে দূরের কোণে বল জড়িয়ে দেন জালে।

এর ১০ মিনিট পর ডান প্রান্ত দিয়ে দারুণ গতিতে এগিয়ে যান আরেক আর্জেন্টাইন রদ্রিগো দে পল। তার পাস থেকে সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলেন মেসি।
এরপর চার ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে বল বাড়ান জার্মান বেরতেরামের উদ্দেশে। তার পর সহজে ব্যবধান দ্বিগুণ করেন বেরতেরামে।

দ্বিতীয়ার্ধে গোলশূন্য ও তুলনামূলক ধীরগতির খেলায় আরও কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।

যোগ করা সময়ে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকেও প্রায় গোল পেয়ে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অসাধারণ সেভ করেছেন গোলরক্ষক জেমস প্যানটেমিস।

গত মাসে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন হওয়া ২৭ হাজার দর্শক ধারণক্ষমতার নু স্টেডিয়ামে এটি ছিল ইন্টার মায়ামির পঞ্চম হোম ম্যাচ।
এর আগে নতুন এই স্টেডিয়ামে তিনটি ড্র এবং ৩-০ গোলে এগিয়ে থেকেও অরল্যান্ডো সিটির কাছে ৪-৩ ব্যবধানে হার দেখেছিল মায়ামি।

ঘরের মাঠে সাম্প্রতিক হতাশা কাটিয়ে পাওয়া এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে গেছে ইন্টার মায়ামি। দুই ম্যাচ কম খেলা ন্যাশভিল এসসির চেয়ে তারা এখন এক পয়েন্টে এগিয়ে।