শ্যামনগরে ককটেল বিস্ফোরণ, পরিত্যক্ত অবস্থায় ৩টি হাতবোমা উদ্ধার
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি অবিস্ফোরিত হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন পেয়ে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার এবং চারটি কাঠের লাঠিও জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে সাত-আটটি মোটরসাইকেলে করে ১০-১২জন অজ্ঞাতপরিচয় যুবক বংশীপুর গোলচত্বর এলাকায় আসেন। তারা সেখানে একটি টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় বাজারের নৈশপ্রহরীরা চিৎকার শুরু করলে যুবকেরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ভেটখালীর দিকে পালিয়ে যান। পরে নৈশপ্রহরীদের একজন ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানালে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
নৈশপ্রহরীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতেই গভীর রাতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমাসহ একটি রাজনৈতিক ব্যানার ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে। এর পেছনে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।”
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।












