সাতক্ষীরায় ইজিবাইক ও রিকশার ভাড়া নির্ধারণসহ নীতিমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যানজট নিরসন এবং মোটরভ্যান, রিকশা ও ইজিবাইকের সুনির্দিষ্ট ভাড়ার তালিকা ও নীতিমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাগরিক সমাজ। শনিবার বিকেল পাঁচটায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মুনসুর রহমান। তিনি বলেন, সাতক্ষীরা জেলা শহরে প্রতিদিন লাখো মানুষ রিকশা ও ইজিবাইকে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই ছোট ছোট যানবাহন চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। বিশেষ করে সাতক্ষীরা পৌরসভা এলাকায় যানজট এখন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ২০১৭-১৮ অর্থবছরে ইউনিয়ন পরিষদ থেকে ভ্যান ও রিকশার অনুমতি প্রদান করা হলেও এরপর থেকে সেই তথ্য আর হালনাগাদ করা হয়নি। অন্যদিকে, সাতক্ষীরা পৌরসভায় নিবন্ধিত ৬৯৫টি ইজিবাইকের তথ্য থাকলেও সেখানে নেই কোনো সুনির্দিষ্ট নীতিমালা। এই সুযোগে আগে মাত্র ১ হাজার ৫০০ টাকায় পাওয়া ইজিবাইকের অনুমতিপত্র এখন ৪০ থেকে ৬০ হাজার টাকায় কেনাবেচা হচ্ছে, যা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ উদাসীন।
সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ইজিবাইকের সংখ্যা ৬৯৫ থেকে বাড়িয়ে ১ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা এই সিদ্ধান্তকে ‘অমানবিক ও অপ্রতুল’ বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলোÑ ভ্যান, রিকশা ও ইজিবাইকের সুনির্দিষ্ট ভাড়ার তালিকা ও নীতিমালা প্রণয়ন করা। মালিক ও চালকদের নিবন্ধনের আওতায় এনে দুই শিফটে যানবাহন চলাচলের ব্যবস্থা করা। নির্দিষ্ট মেয়াদের পর পুরনো ও চলাচলের অযোগ্য যানবাহন বাতিল করা। নির্ধারিত রুট প্ল্যান অনুযায়ী যানবাহন চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা। একজনের নিবন্ধিত যান অন্য কেউ যেন ব্যবহার করতে না পারে, তা তদারকি করা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পৌর কমিটির সভাপতি মো. বায়েজীদ হাসান ও নারীনেত্রী সুলতা সানা।







