মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্যামনগর উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
শ্যামনগর উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ম্যানগ্রোভ প্রজাতির গাছ কর্তনের প্রতিবাদ করে পুত্রসহ চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন শ্যামনগর উপজেলা জামায়াত। ২৫ মে ২০২৬ শ্যামনগর উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মহসিন আলম স্বাক্ষরিত একপত্রে এ প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ পত্রে বলা হয়েছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ নজরুল ইসলাম এবং তাঁর পুত্রসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত সাম্প্রতিক চাঁদাবাজি ও হামলার নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্যামনগর উপজেলা। ২৫ মে (সোমবার) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্যামনগর উপজেলা আমীর মাওঃ আব্দুর রহমান ও উপজেলা সেক্রেটারী মাওঃ গোলাম মোস্তফা এ প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ নজরুল ইসলাম এবং তাঁর পুত্রসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত সাম্প্রতিক চাঁদাবাজি ও হামলার মামলাকে আমরা গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করেছি। প্রাপ্ত তথ্য, স্থানীয় জনগণের বক্তব্য এবং ঘটনাপ্রবাহ পর্যালোচনায় প্রতীয়মান হচ্ছে যে, উক্ত মামলা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়; বরং এটি একটি পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।

 

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অভিযোগে উল্লিখিত ঘটনার সময় চেয়ারম্যান হাজী মোঃ নজরুল ইসলাম বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্মুক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করছিলেন- যেখানে স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সংক্রান্ত তথ্য-প্রমাণ বিদ্যমান থাকায় তাঁর বিরুদ্ধে উত্থাপিত সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

 

আমরা আরও লক্ষ্য করছি, জাইকা (JICA) অর্থায়নে চলমান বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরে ভূমি ব্যবহার, ক্ষতিপূরণ ও পরিবেশগত প্রভাব নিয়ে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে। অভিযোগ রয়েছে যে, প্রকল্প সংশ্লিষ্ট ইজারাদার কর্তৃক অনুমোদিত চিংড়ি মহাল দখল, ভূমি ব্যবহারে অনিয়ম, পরিবেশের ক্ষতি এবং ভূমিহীন মানুষের উচ্ছেদের মতো বিষয়গুলো স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এসব বিষয়ে জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জনস্বার্থে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন বলে এলাকাবাসীর একাংশ জানিয়েছে।

 

আমাদের মতে, জনগণের ন্যায্য অধিকার, ক্ষতিপূরণ ও পরিবেশ রক্ষার দাবিকে ‘চাঁদাবাজি’ হিসেবে উপস্থাপন করা হলে তা কেবল বিভ্রান্তি সৃষ্টি করবে এবং প্রকৃত সমস্যার সমাধানকে বিলম্বিত করবে। একইসঙ্গে, এ ধরনের মামলা স্বাধীনভাবে মতপ্রকাশ ও জনস্বার্থে অবস্থান নেওয়ার ক্ষেত্রে নেতিবাচক বার্তা বহন করতে পারে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্যামনগর উপজেলা শাখা মনে করে- আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে এ ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অপরিহার্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। পাশাপাশি, চলমান প্রকল্প সংশ্লিষ্ট ভূমি, পরিবেশ ও ক্ষতিপূরণের বিষয়গুলোও গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

 

আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই-ঘটনার সকল দিক যাচাই-বাছাই করে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা হোক। একইসঙ্গে, চলমান উন্নয়ন প্রকল্প যেন জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাস্তবায়িত হয়, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জনগণের মধ্যে সৃষ্ট ক্ষোভ ও উদ্বেগ নিরসনে দ্রুত ন্যায়সঙ্গত সমাধানই বর্তমান সময়ের প্রধান দাবি। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় অগ্রগতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় অগ্রগতি

শুরুতে ফিফার সম্প্রচার স্বত্ব বিক্রির ক্ষেত্রে উচ্চমূল্যের কারণে বাংলাদেশে বিশ্বকাপ দেখানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। এবার সুখবরই মিলেছে।  এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মিডিয়া স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। ফলে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো এখন কম দামে সরাসরি ফিফার সঙ্গে নতুন করে দর-কষাকষির সুযোগ পাচ্ছে। তাতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার মেঘ কেটে যাচ্ছে।

সোমবার দ্য ডেইলি স্টারকে স্প্রিংবকের প্রধান নির্বাহী কর্মকর্তা গোপাল পাডিয়া বলেছেন, ‘হ্যাঁ, বিষয়টি সত্য। বাংলাদেশে স্বত্ব বিক্রি করতে না পারায় আমি স্বত্ব ছেড়ে দিয়েছি।’

মার্চে প্রায় ৭২ লাখ ১১ হাজার মার্কিন ডলারের (প্রায় ৮৮ কোটি টাকা) এই চুক্তি হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা অন্তত তিন দফা অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় চুক্তিটি বাতিল হয়।

চুক্তি বাতিলের পর এখন বাংলাদেশের টি স্পোর্টস ও স্টার নিউজের যৌথ উদ্যোগে এবং দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান সরাসরি ফিফার কাছ থেকে স্বত্ব কেনার ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতা হিসেবে সামনে এসেছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ও বাজার বিশ্লেষণের পর ফিফা বাংলাদেশের জন্য তাদের চাওয়া মূল্য কমাতে সম্মত হয়েছে এবং বর্তমানে উভয় পক্ষের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আলোচনা চলছে।

এক্ষেত্রে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম থাকার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ সরকারও ফিফার কাছে বিনামূল্যে স্বত্ব চেয়েছিল। কিন্তু ফিফা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি যুক্তি দিয়েছে, এই স্বত্ব থেকে পাওয়া আয়ের একটি বড় অংশ তারা প্রতি বছর স্থানীয় ফুটবল ফেডারেশনকে দিয়ে থাকে। তাই বিনামূল্যে স্বত্ব দেওয়া সম্ভব নয়।

বাংলাদেশের পাশাপাশি ভারত ও চীনের কোটি কোটি ফুটবল সমর্থকও সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। তবে সম্প্রতি ফিফা চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে ২০২৬ ও ২০৩০ পুরুষ বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ নারী বিশ্বকাপের সম্প্রচার চুক্তি চূড়ান্ত করেছে।

অন্যদিকে, ভারতে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে আলোচনাও শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। মূলত এশিয়ার কয়েকটি বাজারে সম্প্রচারের লক্ষ্যে ফিফা আরও নমনীয় বাণিজ্যিক কৌশল গ্রহণ করাতেই অনিশ্চয়তার মেঘ কেটে যাচ্ছে।

পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের

নিজের বিয়ের আনন্দ দুঃস্বপ্নে পরিণত হয়েছে সৌদি আরবের ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদের। আমস্টারডামে পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে গিয়ে চুরির শিকার হয়েছেন তিনি। আর সেই ঘটনায় হারিয়ে গেছে তার পাসপোর্টও। ফলে বিশ্বকাপের আগে জাতীয় দলের ক্যাম্পে নির্ধারিত সময়ে যোগ দিতে পারছেন না এই সৌদি ফুটবলার। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ)।

বিবৃতিতে বলা হয়, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে জাতীয় দলের শেষ ধাপের প্রস্তুতি চলছে। তবে সৌদ আব্দুলহামিদ নির্ধারিত সময়ে রিয়াদে যেতে পারেননি।’

এসএএফএফ জানায়, আমস্টারডামে অবস্থানকালে তার ব্যক্তিগত গাড়িতে চুরি হয়। সেখানে পরিবারের সঙ্গে নিজের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ছিলেন এই ডিফেন্ডার। ওই ঘটনায় তার পাসপোর্টসহ ব্যক্তিগত কিছু জিনিসপত্র খোয়া গেছে।

এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সৌদি ফুটবল ফেডারেশন। একই সঙ্গে নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসের সহায়তায় দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আব্দুলহামিদ দ্রুত দলের সঙ্গে যোগ দিতে পারেন।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। নিউইয়র্ক ও টেক্সাসে অনুশীলন ক্যাম্প করবে তারা। সেখানে ইকুয়েডর, পুয়ের্তো রিকো ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সৌদি আরব। তার পর বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের সঙ্গে খেলবে।

কেয়া পায়েলের জন্য মুশফিক ফারহানের ‌‘ডুব’

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কেয়া পায়েলের জন্য মুশফিক ফারহানের ‌‘ডুব’

সাদ্দাম, ঢাকায় ব্যবসা করে। গ্রামে এসেছে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখানেই তার ভালো লেগে যায় শেফালিকে। কিন্তু শেফালির সাথে একা কথা বলার সুযোগ পাওয়া যাচ্ছিলো না। তাই শেফালি যে পুকুরে গোসল করে, তাতে ডুব দেয় সাদ্দাম।

কিন্তু মুখ তোলার পর সে সামনে দেখতে পায় আলোকে এবং ওদের দু’জনকে আপাত: দৃষ্টিতে আপত্তিকর ভঙ্গিতে দেখে ফেলে মসজিদ ফেরত কিছু মানুষ। অবধারিতভাবেই বিচার বসে। সে বিচারে আলো যতই বলুক সাদ্দামকে সে চেনে না, সাদ্দাম কিন্তু অস্বীকার করে না। কারণ, আলোকে তার শেফালির চেয়ে বেশি ভালো লেগেছে। ফলে সাদ্দাম চাইতে থাকে, তাদের অপরাধ সাব্যস্ত হোক; তাদের বিয়ে দেয়া হোক।

এমনই এক মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ডুব’। সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। তার সঙ্গে গল্পটির চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, সাবিনা মিম, নরেশ ভুঁইয়া প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘ডুব’।