শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি নম্বর চূড়ান্ত, মেসির গায়ে সেই ১০

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি নম্বর চূড়ান্ত, মেসির গায়ে সেই ১০

২০২৬ বিশ্বকাপের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি নম্বর চূড়ান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসরে লিওনেল স্কালোনির দলের ফুটবলাররা কোন নম্বর পরে খেলবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। বাকি ছিল শুধু জার্সি নম্বর চূড়ান্ত হওয়া। সেটিও এবার প্রকাশ করা হয়েছে। প্রত্যাশিতভাবেই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে অধিনায়ক লিওনেল মেসির দখলে। ৯ নম্বর পরে খেলবেন হুলিয়ান আলভারেজ। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জার্সি নম্বর ২০।

আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই নতুন আসরের আনুষ্ঠানিক জার্সি নম্বর নিয়ে মাঠে নামবেন স্কালোনির ফুটবলাররা।

ঐতিহাসিক অঙ্কে এবারও কি প্রথম ম্যাচ হারবে আর্জেন্টিনা?
এবারের দলে কয়েকজনের জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ। হুয়ান মুসো, লিওনার্দো বালেরদি, ফাকুন্দো মেদিনা, নিকো গনসালেস, জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ ও হোসে মানুয়েল লোপেজ বিশ্বকাপের মঞ্চে অভিষেকের অপেক্ষায় আছেন।

আর্জেন্টিনার জার্সি নম্বর:
১. হুয়ান মুসো

২. লিওনার্দো বালেরদি

৩. নিকোলাস তাগলিয়াফিকো

৪. গনসালো মন্তিয়েল

৫. লিয়ান্দ্রো পারেদেস

৬. লিসান্দ্রো মার্তিনেজ

৭. রদ্রিগো দে পল

৮. ভালেন্তিন বারকো

৯. হুলিয়ান আলভারেজ

১০. লিওনেল মেসি

১১. জিওভানি লো সেলসো

১২. হেরোনিমো রুলি

১৩. ক্রিস্টিয়ান রোমেরো

১৪. এক্সেকিয়েল পালাসিওস

১৫. নিকোলাস গনসালেস

১৬. থিয়াগো আলমাদা

১৭. জুলিয়ানো সিমিওনে

১৮. নিকো পাজ

১৯. নিকোলাস ওতামেন্দি

২০. আলেক্সিস ম্যাক অ্যালিস্টার

২১. হোসে মানুয়েল লোপেজ

২২. লাউতারো মার্তিনেজ

২৩. এমিলিয়ানো মার্তিনেজ

২৪. এনজো ফের্নান্দেজ

২৫. ফাকুন্দো মেদিনা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও মেসিকে সামনে রেখে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে। অভিজ্ঞদের সঙ্গে নতুন মুখের মিশেলে স্কালোনির দল কতটা ভারসাম্য পায়, সেটিই এখন দেখার বিষয়।

Ads small one

কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ

পত্রদূত ডেস্ক: নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ ২৩ অক্টোবর। ১৯২৯ সালের এই দিনে ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর ডাকনাম ছিল বাচ্চু। বাবা মোখলেসুর রাহমান চৌধুরী ও মা আমেনা বেগম। লেখক হওয়ার আকাঙ্ক্ষায় নাম থেকে পৈতৃক উপাধি ‘চৌধুরী’ বাদ দেন তিনি।

ঢাকায় বেড়ে ওঠা শামসুর রাহমানের কবিতায় নাগরিক জীবনের সুখ-দুঃখ, সংকট ও মানুষের অনুভূতি বিশেষভাবে উঠে এসেছে। বাঙালির বিভিন্ন আন্দোলন-সংগ্রামও তাঁর কবিতায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।

১৯৬০ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই ও ছয়টি অনুবাদগ্রন্থ।

সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পদক ও একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এই প্রথিতযশা কবি।

পাকিস্তানে ভূমিধসে মহাসড়ক বন্ধ, আটকা হাজারো যাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
পাকিস্তানে ভূমিধসে মহাসড়ক বন্ধ, আটকা হাজারো যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের স্কার্দু জেলার রাউন্ডু উপত্যকায় ভূমিধসে বালতিস্তান মহাসড়ক বন্ধ হয়ে পর্যটকসহ কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসে বিশালাকার পাথর সড়কে পড়ে থাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় পাথরগুলো সরাতে বিস্ফোরণ ঘটানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধস অব্যাহত থাকায় সড়কটি অন্তত শুক্রবার পর্যন্ত বন্ধ থাকতে পারে। পর্যটক ও সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ওই পথে যাতায়াত না করার এবং ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রমের চেষ্টা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সিন্ধু নদের পাশ দিয়ে বিস্তৃত ১৬৭ কিলোমিটার দীর্ঘ বালতিস্তান মহাসড়কটি স্কার্দু, খারমাং, শিগড় ও গানছে জেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। ঘন ঘন ভূমিধস ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণে সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

অপ্রতিম হত্যা: ২ কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
অপ্রতিম হত্যা: ২ কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

ন্যাশনাল ডেস্ক: কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মঙ্গলবার আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

অভিযোগপত্রে বলা হয়েছে, অপ্রতিমের আইফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই কিশোর সরাসরি জড়িত এবং সিয়াম (১৯) হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগ করা হয়েছে।

অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান।

গত ১৮ সেপ্টেম্বর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তার বাসা থেকে অপ্রতিমের মোবাইল ফোন উদ্ধার এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক করা হয়।

চার আসামিই গ্রেপ্তার রয়েছে। তুহিন ও সিয়াম কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং দুই কিশোর গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।