আবহাওয়ার খামখেয়ালিপনা ও সাতক্ষীরার শিশুস্বাস্থ্য
আজহারুল ইসলাম সাদী
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অথচ জীবনের শুরুতেই হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে অনেক শিশুকে। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে দিনের ভ্যাপসা গরম আর রাতের শীতল বাতাসের আকস্মিক তারতম্য সামাল দিতে পারছে না কোমলমতি শিশুরা। ফলে উপকূলীয় জেলা সাতক্ষীরায় বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর—মাত্র ৪৯ দিনে জেলার তিনটি প্রধান হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯০টি শিশু। এর বাইরে সাতক্ষীরার বেসরকারি শিশু হাসপাতালের বহির্বিভাগেই চিকিৎসা নিয়েছে ৫ হাজার ৩২০ শিশু। সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগের হিসাব যুক্ত হলে রোগীর সংখ্যা আরও বাড়বে।
রোগীর এই বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে জেলার চিকিৎসাব্যবস্থা। সবচেয়ে নাজুক পরিস্থিতি সাতক্ষীরা সদর হাসপাতালে। শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র ১৫টি, অথচ প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ জন শিশু চিকিৎসা নিচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে পাঁচটি শয্যার বিপরীতে রোগী থাকছে ২০ থেকে ৩০ জন। শয্যা সংকটের কারণে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকসহ অনেক শিশুকে হাসপাতালের মেঝে ও খোলা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। শীতল বাতাসের মধ্যে এভাবে অসুস্থ শিশুদের চিকিৎসা নেওয়া তাদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে।
একদিকে শয্যা সংকট, অন্যদিকে চিকিৎসক ও নার্সের স্বল্পতা—সব মিলিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও অসহায়ত্ব বাড়ছে। উপকূলীয় অঞ্চল হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব সাতক্ষীরায় তুলনামূলক বেশি। লবণাক্ততা, সুপেয় পানির সংকট ও আবহাওয়ার দ্রুত পরিবর্তন জনস্বাস্থ্যের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এই সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। কোনো শিশুকে যেন খোলা বারান্দায় চিকিৎসা নিতে না হয়, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রাথমিক চিকিৎসাসেবা জোরদার করতে হবে, যাতে সাধারণ জ্বর, সর্দি-কাশি কিংবা ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের জেলা সদরে আসতে না হয়। আবহাওয়া পরিবর্তনের সময়ে শিশুদের উপযুক্ত পোশাক পরানো, বিশুদ্ধ পানি পান করানো এবং ধুলাবালি থেকে দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন করাও প্রয়োজন।
আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে হাসপাতালের বারান্দায় তাদের দুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়। শিশুদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা কেবল হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব নয়, বরং সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগেরও গুরুত্বপূর্ণ কর্তব্য। সাতক্ষীরার শিশুস্বাস্থ্য সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এটাই জেলার মানুষের প্রত্যাশা।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট।









