আলিপুর ও বল্লীতে শিশু সুরক্ষা ও সহিংসতা রোধে মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের আলিপুর ও বল্লী ইউনিয়ন পরিষদে শিশু সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট’ (এসিডি)-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
১৪ সেপ্টেম্বর সকালে আলিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং দুপুরে বল্লী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান এডভোকেট মো. মহিতুল ইসলামের সভাপতিত্বে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, শিশুদের যৌন হয়রানি, বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সচেতনতামূলক শিক্ষা দিতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে।







