আশাশুনিতে ইউএনওর সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ুর সঙ্গে মতবিনিময় করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনওর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অবসরপ্রাপ্ত শিক্ষকেরা তাঁদের জীবনের শেষ পর্যায়ে এসে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সম্মানের সাথে জীবন যাপনের সুযোগ সৃষ্টির দাবি জানান।
মতবিনিময় সভায় শিক্ষক নেতারা তাঁদের দীর্ঘ পেশাজীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, সারা জীবন মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করলেও অবসর জীবনে অনেক শিক্ষক নানা আর্থিক ও সামাজিক দুঃখ-দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। এই সংকটময় সময়ে প্রশাসনের সহযোগিতা ও সহমর্মিতা তাঁদের জন্য জরুরি। ফোরামের সভাপতি রুহুল আমিন ও সেক্রেটারি নীল কণ্ঠ সোম আলোচনায় নেতৃত্ব দেন। তাঁরা বলেন, “জীবনের শেষ সময়ে এসে শিক্ষকেরা যাতে স্বাভাবিক ও সম্মানজনক জীবন অতিবাহিত করতে পারেন, সে বিষয়ে সরকারের সুদৃষ্টি প্রয়োজন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু শিক্ষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাঁদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষকেরা সমাজের আলোকবর্তিকা। তাঁদের যেকোনো সমস্যায় প্রশাসন পাশে থাকবে এবং অবসরকালীন জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় ফোরামের সহসভাপতি মনীন্দ্র নাথ বাছাড়, দুলাল চন্দ্র সানা, কামরুন্নাহার কচি, চিত্তরঞ্জন অধিকারী, যুগ্ম সম্পাদক ইয়াহিয়া ইকবালসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












