আশাশুনিতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩০০ রোগীর সেবা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি পরা রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল নয়টায় বুধহাটা করিম সুপার মার্কেটে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
বুধহাটা ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও জজ কোর্টের এপিপি আইনজীবী শহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরার কদমতলার গ্রামীণ চক্ষু হাসপাতাল এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখের দৃষ্টি ত্রুটি, চোখের প্রেসার ও নেত্রনালী পরীক্ষা করার পাশাপাশি স্বল্প মূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৩০০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। সেবা নিতে আসা রোগীদের মধ্য থেকে ছানি পরা ৩০ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেওয়া হবে। এসব রোগীকে বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজন, এক মাসের ওষুধ, যাতায়াত এবং হাসপাতালে থাকা-খাওয়ার সুবিধা দেওয়া হবে।
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আবদুস করিম ঢালী ও বীর মুক্তিযোদ্ধা আবদুস গফুর সরদার।
ক্যাম্প অর্গানাইজার মো. আরাফাত হোসেনের ব্যবস্থাপনায় চিকিৎসক সুস্মিতা মন্ডল তন্বীর নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ৯টি বুথে চিকিৎসা সেবা পরিচালনা করে। দলটিতে আরও ছিলেন চিকিৎসক তপন কুমার মন্ডল, চিকিৎসক মো. হোসেন আলী এবং নার্স মিতু, দিপারানী, রায়হান ও খাদিজা আক্তার।












