আশাশুনির আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের নানা উদ্যোগ
বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে রাতের টহল জোরদার, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অপরাধ দমনে নজরদারি বাড়ানো হয়েছে।
উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় তিন লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি শাহিদুর রহমান পুলিশ পরিদর্শক (তদন্ত), উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবলদের সমন্বয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছেন।
এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় রাতের টহল বাড়ানো হয়েছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ও চেকপোস্ট পরিচালনা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মতবিনিময় সভা, সচেতনতামূলক প্রচারণা এবং মসজিদ-মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।
সম্প্রতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার-ভিডিপি সদস্য, রাজনৈতিক নেতাকর্মী ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়। বিজয়া দশমীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় হাজার হাজার দর্শকের সমাগম হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত তৎপরতা ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে। তাঁরা এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।









