বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

এমপির বিতর্কিত বিয়ে ও ভিডিও কান্ড: ক্ষুব্ধ রাজনীতিক ও সুশীল সমাজ, শাস্তির দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
এমপির বিতর্কিত বিয়ে ও ভিডিও কান্ড: ক্ষুব্ধ রাজনীতিক ও সুশীল সমাজ, শাস্তির দাবি

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতার সাম্প্রতিক বিতর্কিত বিয়ে, জাল-জালিয়াতি ও অনৈতিক কর্মকা-কে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র ক্ষোভ, অসন্তোষ ও নানা আলোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত এমপির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাংবাদিক নেতারা।
নৈতিক স্খলন ও দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ইতোমধ্যে এমপিকে তাঁর নিজ দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম উল্লেখ করেন, দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক কর্মীদের জন্য এমন কর্মকা- চরম হতাশাজনক। তবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির এ কঠোর সিদ্ধান্ত প্রশংসনীয় এবং তা দেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এতে ভবিষ্যতে কোনো প্রতিনিধি অনৈতিক কর্মকা-ে জড়ানোর আগে কয়েকবার চিন্তা করবেন।
ঘটনাটিকে সাতক্ষীরাবাসীর জন্য লজ্জাজনক অভিহিত করে জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু বলেন, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক বা সদ্য প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যে আচরণ করেছেন, তাতে জেলার মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। তদুপরি অপরাধ ঢাকতে জাল কাবিননামা, বয়স ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে একের পর এক অনৈতিক কাজ করা হয়েছে, যা চরম গর্হিত।
শ্যামনগরের সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ জানান, তিনবারের সাবেক এই এমপির এমন ঘটনায় যুক্ত থাকার বিষয়টি সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল। ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়ার পর ধারণা করা হচ্ছে, নিজের সামাজিক সুনাম বাঁচাতে বাধ্য হয়েই তিনি কম বয়সী মেয়েটিকে বিয়ে করার নাটক সাজিয়েছেন।
অন্যদিকে স্থানীয় মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আইনজীবী আজাদ হোসেন বেলাল বলেন, একজন জাতীয় সংসদ সদস্যের কাছ থেকে এমন অসামাজিক কর্মকা- কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর এ ধরনের কাজ পুরো জেলাকে হেয় করেছে। রাষ্ট্রীয় আইন ও সংসদীয় বিধি অনুযায়ী সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে কঠোর বিচার নিশ্চিত করা প্রয়োজন।
তবে এ ঘটনার সাংগঠনিক ব্যাখ্যা জানতে শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

Ads small one

আশাশুনিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, পাম্পে গ্রাহকদের দীর্ঘ সারি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
আশাশুনিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, পাম্পে গ্রাহকদের দীর্ঘ সারি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার পেট্রোল পাম্প, ডিপো ও খুচরা দোকানগুলোতে হঠাৎ জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এতে করে পাম্পগুলোতে তেল নিতে আসা মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

আন্তর্জাতিক অস্থিরতার অজুহাতে উপজেলার মহেশ্বরকাটি পাম্পটি পেট্রোল ও ডিজেল সরবরাহ বন্ধ ঘোষণা করেছে। সেখানে মজুত নেই জানিয়ে কার্যক্রম স্থগিত রাখা হয়। বুধহাটা পাম্প থেকে কিছু তেল সরবরাহ করা হলেও চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।

এ ছাড়া উপজেলার অধিকাংশ ডিপো ও খুচরা দোকান তেল বিক্রি বন্ধ রেখেছে। দু-একটি দোকানে জ্বালানি মিললেও লিটারপ্রতি অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকেরা। হঠাৎ এমন কৃত্রিম সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা।

শ্যামনগরে চুনা নদীতে র‌্যাবের অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
শ্যামনগরে চুনা নদীতে র‌্যাবের অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদীর চরে নোঙর করা একটি নৌকায় অভিযান চালায় র‌্যাব-৬-এর একটি দল। তল্লাশি চালিয়ে নৌকা থেকে এসব চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের রাশিদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সুমন (২৫)।
র‌্যাব জানায়, নৌকায় অভিযানের পাশাপাশি চোরাচালান ও পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।
সীমান্তবর্তী ও দুর্গম এই উপকূলে বিপুল পরিমাণ মাদক জব্দের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, মাদকের প্রভাবে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে। এ ধরনের নিয়মিত অভিযান চললে এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।

আশাশুনিতে জরাজীর্ণ ভবনে পাঠদান, দুশ্চিন্তায় অভিভাবকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে জরাজীর্ণ ভবনে পাঠদান, দুশ্চিন্তায় অভিভাবকেরা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের ১০৫ নম্বর নাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। প্রায় তিন দশকের পুরোনো এই ভবনটি যেকোনো মুহূর্তে ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে চার কক্ষবিশিষ্ট এই ভবনটি নির্মিত হয়। বর্তমানে ছাদের প্লাস্টার খসে পড়ছে এবং রড বেরিয়ে গেছে। গত এক মাসের টানা বর্ষণে ছাদ চুইয়ে পানি পড়ায় পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নতুন ভবনের জন্য গ্রামবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর মল্লিক, সহকারী শিক্ষক অমরনাথ ঢালী, রুম্পা সরকার, তাপসী সরকার, সাধনা মন্ডল ও চম্পা রানী সরকার বলেন, জীবনের চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চালাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অন্তত একটি টিনশেড ঘর নির্মাণ বা বিকল্প ব্যবস্থা করা না হলে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। অতি দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।