বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

কয়রায় ডেঙ্গু আক্রান্ত ৫ রোগী হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
কয়রায় ডেঙ্গু আক্রান্ত ৫ রোগী হাসপাতালে ভর্তি

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত পাঁচ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে নারী ও পুরুষ রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পাঁচজনের শারীরিক অবস্থা ভালো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীরা হলেন-সোনালী (২০), শুহিনা (২২), ইকবাল (৩৫), জাহাঙ্গীর (২৬) ও রিয়াজ মোল্ল্যা (২৩)।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে আরও জানা যায়, জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হলে ওই পাঁচজনের রক্তে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। বর্তমানে তাদের হাসপাতালে রেখে চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, “জ্বর নিয়ে পাঁচজন চিকিৎসা নিতে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের রক্তে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। কারও অবস্থার অবনতি হলে প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে।”

Ads small one

সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: মন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: মন্ত্রী

পত্রদূত ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ জন্য দেশের অনাবাদি ও পতিত জমি কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বুধবার খুলনার শিরোমণিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে নির্মিত এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সাধারণ নাগরিকেরা সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করলে সরকার তাঁদের প্রণোদনা হিসেবে মাত্র এক শতাংশ সুদে ঋণ দেবে। এর পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেবে। এ উদ্যোগের সুফল সবার কাছে পৌঁছাতে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিল্পনগরী খুলনার সরকারি ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ক্যাবল শিল্প লিমিটেড সুনামের সঙ্গে চলছে। তাদের নিজস্ব সোলার প্লান্টটি বিদ্যুৎ খাতে বড় অবদান রাখবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।

 

অনুষ্ঠানে ক্যাবল শিল্প লিমিটেডের মহাব্যবস্থাপক মো. এনামুল হক, সিবিএর সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে অভিযান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি সেবন ও ব্যবহারে সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগী ও তাঁদের স্বজনদের কাছে থাকা পান-সুপারি জব্দ করা হয়। একই সঙ্গে পানের পিক ফেলে ও ময়লা-আবর্জনা দিয়ে হাসপাতালের পরিবেশ নোংরা না করতে রোগী ও তাঁদের দর্শনার্থীদের সচেতন করা হয়।

এ ছাড়া নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড, বহির্বিভাগ, শিশু ওয়ার্ড এবং ডেলিভারি ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের নানা সমস্যার কথা শোনেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

 

অভিযানকালে আবাসিক মেডিকেল অফিসার শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ ওয়ার্ডে দায়িত্বরত জ্যেষ্ঠ স্টাফ নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্যামনগরের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
শ্যামনগরের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে কৃষক মাঠ দিবস উদযাপন ও সফল কৃষকদের সম্মাননা দেওয়া হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা তিনটায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফেইথ ইন অ্যাকশন (ফিয়া)-এর ‘সাত-আইসিডিপি’ প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শমূয়েল সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শফিউল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা মোছাম্মৎ জাহানারা খাতুন, পিআইয়ের সভাপতি সুষমা রানী মন্ডল, সম্পাদক শরিফা খাতুন, ৬টি সিসিসির সভাপতিবৃন্দ ও মাঠ সংগঠকেরা।

অনুষ্ঠানে স্বপন মন্ডল, নাছিমা খাতুন, দেবদাস বর্মন, ছালিমা বেগম, অনিমিতা মন্ডল ও বিমল কৃষ্ণ মিস্ত্রীকে সফল কৃষক হিসেবে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা জেমস গাইন।