কলারোয়ায় যুবদলের উদ্যোগে কিশোরদের মাঝে ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিনিধি: ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’Ñএই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নে কিশোর ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়।
রোববার সকালে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার সংলগ্ন চৌধুরীপাড়া এলাকায় স্থানীয় কিশোর ও যুবকদের হাতে ফুটবল তুলে দেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী শফিউল আলম শফি।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় তরুণ ও কিশোররা এই উদ্যোগের প্রশংসা করে জানান, বর্তমান সময়ে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এলাকার সচেতন মহলের মতে, মাঠে নিয়মিত খেলাধুলার সুযোগ থাকলে তরুণদের পথভ্রষ্ট হওয়ার সুযোগ থাকবে না। এই উদ্যোগের ফলে এলাকায় ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং খেলাধুলার প্রতি যুবসমাজের আগ্রহ বাড়বে।











