কেশবপুরে ওয়াকফ এস্টেটের জমিতে নির্মাণকাজে বাধা ও অর্থ দাবির অভিযোগ
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে একটি ওয়াকফ এস্টেটের ভাড়া নেওয়া জমিতে ঘর নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলার মধ্যকুল গ্রামের বাসিন্দা তাজের আলী মোড়ল।
লিখিত বক্তব্যে তাজের আলী দাবি করেন, গত বছরের (২০২৫ সালের) ডিসেম্বর মাসে হাজী জমশের খান ওয়াকফ এস্টেটের কাছ থেকে অগ্রিম জামানত ও মাসিক ভাড়ার চুক্তিতে জমি নিয়ে তিনি একটি ঘর নির্মাণকাজ শুরু করেন। পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একটি নোটিশের মাধ্যমে কাজ বন্ধ করে দেন। এর কিছুদিন পর স্থানীয় ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি কাজ চালুর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। তবে দাবি করা টাকা না দেওয়ায় এখন নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানি করা হচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
যোগাযোগ করা হলে অভিযুক্ত ওয়াজেদ আলী তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।
কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেখসোনা খাতুন বলেন, ওয়াকফ এস্টেটের জমিতে অবৈধভাবে নির্মাণকাজ করার নিয়ম নেই, তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। টাকা দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ কারও কাছে ব্যক্তিগতভাবে টাকা চাইলে তার দায় প্রশাসনের নয়।









