কেশবপুরে বৃষ্টিতে ৬৬৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যশোরের কেশবপুরে ৬৬৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন মাঠে পানি জমে ধান, সরিষা, সবজি, পেঁয়াজ, ভুট্টা ও মরিচের ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে ৬৭ হেক্টর সবজি, ৯০ হেক্টর ধান, ৮ হেক্টর পেঁয়াজ, ১৬ হেক্টর ভুট্টা, ৪৮৫ হেক্টর সরিষা ও ২ হেক্টর মরিচ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সরিষার। মাঠে সম্প্রতি বপন করা ও আগাম চাষের সরিষা পানিতে ডুবে পচে যাচ্ছে। এ ছাড়া রোপা আমন ধান ও শীতকালীন সবজি নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, টানা বৃষ্টিতে ৬৬৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।






