খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর
আগামী ১০ নভেম্বর থেকে খুলনায় শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় তিনি বলেন, বই মানুষের ভালো বন্ধু। সবার অংশগ্রহণে এবারের বইমেলা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় জানানো হয়, ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে বইমেলা। প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ১০টা এবং অন্যান্য দিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রস্তুতি সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জাসাস মহানগর কমিটি ও জিয়া শিশু-কিশোর সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তথ্যবিবরণী












