চারপাশে ঘাপটি মেরে আছে শত ধর্ষক!
গাজী হাবিব
গা শিউরে ওঠার মতো ঘটনা ঘটিয়েছে এক নরপশু। যে হাসপাতালের দরজায় মানুষ আসে জীবন বাঁচানোর আশায়, অসুস্থ শরীর নিয়ে আসে একটু সুস্থতা আর চিকিৎসার নিশ্চয়তা পেতে, সেই হাসপাতালেরই একটি কক্ষে যদি একজন নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তোলেন, তাহলে এর চেয়ে ভয়ংকর সামাজিক অবক্ষয় আর কী হতে পারে? চিকিৎসাসেবার মতো মানবিক দায়িত্বের আড়ালে যদি যৌন লালসার এমন ভয়ংকর চিত্র লুকিয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা খুঁজবে কোথায়?
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই বিভাগের কর্মী মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, আগের দিন সোমবার পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে প্যাথলজি বিভাগের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। ঘটনাটি শুধু একজন নারীর সম্ভ্রম ও নিরাপত্তার প্রশ্ন নয়; এটি চিকিৎসাসেবার মতো আস্থার জায়গায় নারীর নিরাপত্তা নিয়ে ভয়াবহ উদ্বেগের জন্ম দিয়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, সমাজে এমন বিকৃত মানসিকতার মানুষ কি শুধু হাসপাতালের প্যাথলজি কক্ষেই ঘাপটি মেরে আছে? মোটেও নয়। তারা আমাদের চারপাশেই নানা পরিচয়ে বিচরণ করছে। কখনো সেবাদানকারীর পরিচয়ে, কখনো শিক্ষক, অভিভাবক, আত্মীয়, প্রতিবেশী, পরিচিতজন কিংবা দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্মী হিসেবে। বাইরে থেকে তাদের আচরণে হয়তো সন্দেহের কোনো ছাপ থাকে না। পরিপাটি পোশাক, মিষ্টি কথা, ভদ্রতার মুখোশ আর সামাজিক পরিচিতির আড়ালে তারা লুকিয়ে রাখে বিকৃত মানসিকতা। সুযোগ ও পরিস্থিতির অপেক্ষায় থাকে। অসহায়ত্ব, বিশ্বাস, নির্জনতা কিংবা ক্ষমতার অবস্থানকে কাজে লাগিয়ে তারা শিকারের সন্ধান করে।
এই মুখোশধারীদের চেনা খুব কঠিন। কারণ, তারা সব সময় অপরিচিত কেউ নয়। অনেক সময় পরিবারের পরিচিত, প্রতিবেশী, সহকর্মী কিংবা দীর্ঘদিনের বিশ্বাসভাজন মানুষের মধ্যেই লুকিয়ে থাকে যৌন নিপীড়কের মানসিকতা। কেউ চিকিৎসাসেবার সুযোগকে কাজে লাগায়, কেউ শিক্ষার পরিবেশকে, কেউ কর্মস্থলের কর্তৃত্বকে, আবার কেউ আত্মীয়তার সম্পর্ককে ঢাল হিসেবে ব্যবহার করে। তারা জানে, ভুক্তভোগী মুখ খুলতে ভয় পাবেন। সামাজিক লজ্জা, লোকনিন্দা, পারিবারিক অশান্তি কিংবা ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা তাঁকে নীরব করে রাখতে পারে। আর এই নীরবতাকেই তারা নিজেদের নিরাপদ আশ্রয় মনে করে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ধর্ষণের মতো অপরাধের পরও অনেক সময় ভুক্তভোগীকে অপরাধীর পরিবর্তে সমাজের প্রশ্নবাণের মুখে পড়তে হয়। কেন একা গিয়েছিলেন? কেন ওই কক্ষে প্রবেশ করেছিলেন? আগে অভিযোগ করেননি কেন? এমন প্রশ্নের মধ্য দিয়ে অপরাধীর দায় আড়াল করে ভুক্তভোগীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। অথচ অপরাধের দায় অপরাধীর, ভুক্তভোগীর নয়। একজন নারী চিকিৎসা নিতে হাসপাতালে যাবেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়বেন, কর্মস্থলে কাজ করবেন কিংবা প্রয়োজনীয় কাজে কোথাও যাবেনÑএটাই তাঁর স্বাভাবিক অধিকার। তাঁর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব।
ধর্ষণ শুধু একটি যৌন অপরাধ নয়; এটি একজন মানুষের শরীর, স্বাধীনতা, মর্যাদা ও আত্মবিশ্বাসের ওপর নির্মম আঘাত। এর ক্ষত অনেক সময় সারাজীবন বয়ে বেড়াতে হয়। শারীরিক ক্ষতির পাশাপাশি ভুক্তভোগীকে মানসিক যন্ত্রণা, সামাজিক চাপ ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যেতে হয়। অথচ অপরাধীরা অনেক সময় সামাজিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার আড়ালে নিজেদের আড়াল করার চেষ্টা করে। কোথাও কোথাও অপরাধের বিচার বিলম্বিত হয়, কোথাও ভুক্তভোগীকে আপসের জন্য চাপ দেওয়া হয়, আবার কোথাও সাক্ষী ও প্রমাণের অভাবে অপরাধীরা পার পেয়ে যায়। এই বাস্তবতা অপরাধীদের আরও বেপরোয়া করে তোলার ঝুঁকি তৈরি করে।
সাতক্ষীরা সদর হাসপাতালের ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। একজন আউটসোর্সিং কর্মী কীভাবে দায়িত্ব পালন করছিলেন? রোগীদের সঙ্গে তাঁর যোগাযোগ ও চলাচল কতটা নজরদারির আওতায় ছিল? প্যাথলজি বিভাগের কক্ষগুলোতে নিরাপত্তাব্যবস্থা কেমন এবং রোগীদের সুরক্ষায় কী ধরনের তদারকি রয়েছে? এসব বিষয় খতিয়ে দেখা জরুরি। শুধু অভিযুক্তকে আটক করলেই প্রতিষ্ঠানের দায় শেষ হয়ে যায় না। হাসপাতালের প্রতিটি সেবাকেন্দ্র, পরীক্ষা-নিরীক্ষার কক্ষ এবং রোগীদের চলাচলের জায়গায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
আমাদের সমাজে ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। পরিবারে শিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত সীমানা সম্পর্কে সচেতন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কর্মস্থল ও সেবামূলক প্রতিষ্ঠানে অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। অপরাধের অভিযোগ উঠলে তা ধামাচাপা না দিয়ে যথাযথ তদন্ত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে; তাঁকে দোষারোপ নয়, সাহস দিতে হবে।
যেমন, গত দুদিন আগে একটি অল্পবয়সী মেয়ে ঠিকানা বলতে না পারায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে ছিল। গতকাল তাকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়েছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ক্ষেত্রে ওসি শফিকুল ইসলামকে শুধু ধন্যবাদ দিলে তাঁকে খাটো করা হবে। একই সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকেরাও ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এদিকে সবচেয়ে বড় কথা হলো, ধর্ষককে শুধু অন্ধকার গলিতে খুঁজলে হবে না। মানুষের বিশ্বাসের জায়গায়, সেবার প্রতিষ্ঠানে, সামাজিক সম্পর্কের আড়ালে কিংবা ক্ষমতার দম্ভে যারা নিজেদের নিরাপদ মনে করে, তাদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে। সামাজিক পরিচয়, পদবি, পোশাক কিংবা বাহ্যিক ভদ্রতা কাউকে অপরাধের ঊর্ধ্বে স্থান দিতে পারে না।
সাতক্ষীরা সদর হাসপাতালের এই অভিযোগ যেন আরেকটি মামলা হয়ে ফাইলবন্দি না থাকে। অভিযোগের সত্যতা উদ্ঘাটন, দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়েই এর যথাযথ প্রতিকার করতে হবে। কারণ, একজন নারী যখন চিকিৎসা নিতে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়েন, তখন শুধু একটি হাসপাতাল নয়, গোটা সমাজই প্রশ্নবিদ্ধ হয়।
আমি বেশি দূরে না গিয়ে একজন সংবাদকর্মী হিসেবে, একজন পিতা হিসেবে, সর্বোপরি একজন সচেতন নাগরিক হিসেবে অন্তত সাতক্ষীরা জেলায় কর্মরত সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানাবÑআমাদের চারপাশে ঘাপটি মেরে থাকা যৌন নিপীড়কদের মুখোশ খুলতে আরও সচেতন হতে হবে। তাদের অপরাধের বিরুদ্ধে শক্ত হাতে কলম চালিয়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মনে রাখতে হবে, নারীর নিরাপত্তা কোনো দয়া নয়। একজন নিরাপদ নারী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নত আলোর শিখা। তাছাড়া, এটি তাঁর মৌলিক অধিকারও। আর সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা যে-ই করুক, তার বিরুদ্ধে আইন ও সমাজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এ জন্য আরও বেশি সোচ্চার হতে হবে, নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক ও উপযুক্ত শাস্তি। যাতে ভবিষ্যতে আর কোনো নরপশু এ ধরনের কাজ করার দুঃসাহস না করে। (এটা লেখকের নিজস্ব মতামত)। লেখক: সাংবাদিক ও অধিকারকর্মী






