জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আহসান হাবীব টুটুলকে দেখতে চান দলের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ। তাঁকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে।
ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আহসান হাবীব টুটুল ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবং পরবর্তীতে জেলা বিএনপির মৎস্য চাষবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
রাজনৈতিক সহযোদ্ধাদের দাবি, এক-এগারোর পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের কারণে তাঁকে দীর্ঘদিন প্রবাসে থাকতে হয়। প্রায় ১৫ বছর পর দেশে ফিরে ২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে তিনি আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সাবেক ছাত্রনেতাদের নিয়ে ‘৯০ দশক সাবেক ছাত্র নেতৃবৃন্দ ফোরাম’ গঠনেও ভূমিকা রাখেন তিনি।
বর্তমানে জেলার বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন টুটুল। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তাঁকে দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ।
আহসান হাবীব টুটুল বলেন, “শুরু থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করছি। দীর্ঘ পথচলায় দলকে সুসংগঠিত করা ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও দল ও দেশের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”







