সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ঝাউডাঙ্গার ওয়ারিয়া গ্রামে তুলার গোডাউনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
ঝাউডাঙ্গার ওয়ারিয়া গ্রামে তুলার গোডাউনে আগুন

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে একটি তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতক্ষীরা সদর থানার ২টি ইউনিট ও কলারোয়ার ২টি ইউনিট ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিভাতে সক্ষম হন। তবে কোথা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে তা বলতে পারেনি কেউ।

স্থানীয় বাসিন্দা নুরুল বাশার জানান, আজ বিকালে হঠাৎ তুলা ব্যবসায়ী আমিরুল ইসলামের তুলার গুদামে আগুন জ্বলতে দেখে সেখানে দৌড়ে যাই এবং তাৎক্ষণিক ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দিই। সাতক্ষীরা ও কলারোয়ার ৪টি ইউনিট সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাতক্ষীরা জেলা উপসহকারী পরিচালক সাইফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Ads small one

দেবহাটায় ৯০০ এলএফও সদস্যের মাঝে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
দেবহাটায় ৯০০ এলএফও সদস্যের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় কৃষক ও উৎপাদকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার তিনটি ইউনিয়নে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ট্রেডক্রাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় এবং উপজেলা কৃষিপণ্য উৎপাদক সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (বেডস) যৌথ বাস্তবায়নে পরিচালিত সোয়াবল (SWABOL) প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা এফএসএফসিএসওর (FSFCSO) উদ্যোগে ৯০০ জন এলএফও (LFO) সদস্যের প্রত্যেককে একটি কতবেল, একটি মেহগনি ও দুটি কর আমের চারা দেওয়া হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আহমাদ সাঈদ ও মো. আলাউর রহমান সিদ্দিকী, বেডসের মাঠ সমন্বয়কারী মুরতাজুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন ও রবিউল ইসলাম এবং উপজেলা কৃষিপণ্য উৎপাদক সমবায় সমিতির সভাপতি আব্দুল হামিদসহ অন্যরা।

দেবহাটায় সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
দেবহাটায় সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নোড়ারচক গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোড়ারচক গ্রামের মৃত ইছতুল্যা সরকারের ছেলে আব্দুল গফ্ফার এবং একই গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে শাহাজাহান আলী গাজী (৬৫)।

থানা সূত্রে জানা যায়, দেবহাটা থানার এসআই আল আমিন, এসআই আহম্মদ আলী, এসআই সঞ্জয় পাল, এএসআই মো. আকিজুর রহমান, এএসআই মো. রহমত শেখ ও এএসআই আলাউদ্দীন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় সিআর মামলার পরোয়ানাভুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সীমান্তে ৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে ৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, ওষুধ ও নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন গাজীপুর, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, হিজলদী বিওপির সদস্যরা বড়ালি এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ এবং কাকডাঙ্গা বিওপির সদস্যরা গেড়াখালি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন।

অন্যদিকে, গাজীপুর বিওপির সদস্যরা বেলতলা এলাকা থেকে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের রিপন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯৬০টি ভারতীয় ট্যাপেন্টাডল (১০০ মিলিগ্রাম) ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মোট মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালান প্রতিরোধ ও দেশের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।